প্রবাস থেকে এস আই টুটুলের আরও এক নতুন গান
প্রবাসজীবন বেছে নেওয়ার কারণে গানের জগতে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। একইভাবে নতুন গান প্রকাশেও ছিল বিরতি। তবে এতদিন পরও এই শিল্পী ও সংগীতায়োজকের প্রতি শ্রোতাদের প্রত্যাশা এতটুকু কমেনি।
সে কারণেই বিরতি ভেঙে একের পর এক নতুন গানের আয়োজন করে চলেছেন এস আই টুটুল। বছরের বিভিন্ন সময়ে সেসব গান প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।
কয়েকদিন আগেই ‘চার দেয়ালে বন্দি’ শিরোনামের নতুন একক গানের ঘোষণা দিয়েছিলেন এই শিল্পী। এবার জানালেন আরও একটি নতুন একক গানের খবর।
টুটুল জানান, তার নতুন গানের শিরোনাম ‘নির্ঘুম রাত’। গানটির কথা লিখেছেন শহীদুল হক সোহেল। সুর ও সংগীতায়োজন করেছেন এস আই টুটুল নিজেই।
তিনি নিশ্চিত করেছেন, শিগগিরই গানটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ‘নির্ঘুম রাত’ গানে শ্রোতারা খুঁজে পাবেন সেই চিরচেনা এস আই টুটুলকে। পাশাপাশি গীতিকবিতায় নিজস্বতা ধরে রেখে সুর ও সংগীতায়োজনে সময়ের চাহিদাকেও প্রাধান্য দেওয়া হয়েছে।
এমআই/এলআইএ