শেষ সিনেমা নিয়ে আলোচনায় বিজয়, শিগগির আসছে ‘জন নায়কন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১১ মে ২০২৬
থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘জন নায়কন’ আগামী ১৪ দিনের মধ্যেই মুক্তি পেতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা ভেঙ্কট কে নারায়ণ।

রোববার তামিলনাড়ুর অভিনেতা-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে খুব শিগগির দর্শকের সামনে আসবে সিনেমাটি। বর্তমানে সিনেমাটির চূড়ান্ত ছাড়পত্রের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

ভেঙ্কট কে নারায়ণ বলেন, ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি)-এর সঙ্গে আমাদের আলোচনা চলছে। চূড়ান্ত প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আমরা খুবই উত্তেজিত ও আশাবাদী।’

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক ও সামাজিক আবহ অনেকটাই বিজয়ের অনুকূলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এই সময়টাকেই ‘জন নায়কন’ মুক্তির জন্য উপযুক্ত সময় হিসেবে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি প্রযোজক।

নির্বাচনের আগেই বিজয় জানিয়েছিলেন, ‘জন নায়কন’ হতে যাচ্ছে তার অভিনয়জীবনের শেষ সিনেমা। এরপর পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিতে চান তিনি। রোববার সেই প্রসঙ্গ টেনে প্রযোজক বলেন, ‘বিজয় স্যার অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও প্রতিশ্রুতিবদ্ধ একজন মানুষ। তিনি যা বলেন, তা করেও দেখান।’

তবে সিনেমাটিকে ঘিরে বিভিন্ন বিতর্ক ও ব্যক্তিগত আক্রমণের মুখেও পড়তে হয়েছে বিজয়কে। নির্বাচনের আগে এসব কারণে বেশ চাপে ছিলেন অভিনেতা। এ প্রসঙ্গে প্রযোজক অতীতের কিছু ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন:
খাবারের কষ্ট পেরিয়ে মুখ্যমন্ত্রী বিজয়, সংগ্রামের গল্প শোনালেন বাবা 
রণবীরের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে এখনও অপ্রতিরোধ্য 

তবে এখন পুরো টিম শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বলেও জানান তিনি। এদিকে সম্প্রতি ‘জন নায়কন’ সিনেমাটি অবৈধভাবে অনলাইনে ফাঁস হয়ে যায়। এ ঘটনায় এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদকসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবুও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। বরং বিজয়ের অভিনয়জীবনের সম্ভাব্য শেষ সিনেমা হওয়ায় ‘জন নায়কন’ ঘিরে বাড়ছে কৌতূহল।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।