আসছে এয়ার অ্যাম্বুলেন্স

কারিনা কায়সারকে অবশেষে ভারতে নেয়া হচ্ছে, দোয়া চাইলেন বাবা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ মে ২০২৬
অবশেষে কারিনাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেয়া হচ্ছে, দোয়া চাইলেন বাবা

লিভারের জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে। সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

বর্তমানে লাইফ সাপোর্টে থাকা মেয়ের চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কায়সার হামিদ বলেন, ‌‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন।’

তিনি জানান, চিকিৎসার খরচ জোগাড় করতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে। এমনকি একটি জমিও বিক্রির প্রক্রিয়ায় রয়েছেন তারা। কায়সার হামিদ বলেন, ‘এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

কারিনার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তিনি সংক্রমণ ও হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বাড়তে বাড়তে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে কায়সার হামিদ জানিয়েছিলেন, পরিবারের জন্য চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কারণ, তার এক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং সেই চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিয়মিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।