নতুন করে আইভীকে গ্রেফতার না দেখানোর আদেশ স্থগিত চেয়ে আপিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৯ মে ২০২৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে গত বছরের ২০২৫ সালের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন। এর বিরুদ্ধে আপিলের পর আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়।

এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেন আদালত। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোও স্থগিত হয়ে যায়। সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিয়োগ) মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানা-পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ওই গ্রেফতার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিটটি করা হয়।

শুনানির পর ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

এছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এফএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।