লস অ্যাঞ্জেলেসে দাবানল, হাজার হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৯ মে ২০২৬
লস অ্যাঞ্জেলেসে দাবানল/ ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। খবর এএফপির।

স্যান্ডি ফায়ার নামে পরিচিত এই দাবানল সোমবার সকালের দিকে সিমি ভ্যালিতে ছড়িয়ে পড়ে। ওই এলাকাটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে প্রায় ৪০ মাইল (৬০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত যেখানে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের বসবাস।

ক্যালফায়ার অগ্নিনির্বাপণ সংস্থার মতে, ঘণ্টায় ৩৫ মাইল (৫৬ কিমি) পর্যন্ত দমকা হাওয়ার কারণে দাবানলের আগুন সোমবার সন্ধ্যা নাগাদ ১ হাজার ৩৬৪ একর (৫৫২ হেক্টর) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

আগুনে একটি বাড়ি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিমি ভ্যালির কিছু অংশ এবং পার্শ্ববর্তী শহর থাউজেন্ড ওকস থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর লস অ্যাঞ্জেলেসের বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এক সংবাদ সম্মেলনে বলেন, বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার প্রয়োজন নেই, তবে পরিস্থিতি আরও খারাপ হলে এবং উচ্ছেদ আদেশ জারি করা হলে সতর্ক থাকতে এবং সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমরা আশা করছি না যে দাবানলটি লস অ্যাঞ্জেলেস শহরে পৌঁছাবে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।