কুকুরছানার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন শাহরুখ
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে পর্দায় বরাবরই আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়। তবে বাস্তব জীবনে তিনি কতটা আবেগপ্রবণ, তারই এক পুরোনো ঘটনা ফের ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি ‘টকি টেলস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরী খানের মামা শাহরুখকে ঘিরে আবেগঘন একটি স্মৃতির কথা তুলে ধরেন। তিনি জানান, একসময় গৌরীকে একটি চিনা পেকিনিজ প্রজাতির কুকুরছানা উপহার দিয়েছিলেন। ধীরে ধীরে সেই পোষ্যের প্রতি ভীষণ মায়া জন্মায় শাহরুখের। পরিবারের অন্য সদস্যদের তুলনায় অভিনেতার সঙ্গেই নাকি কুকুরটির সবচেয়ে বেশি সখ্য ছিল।
ঘটনাটি কয়েক বছর আগের। তখন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সেদিনই মারা যায় পরিবারের সেই প্রিয় পোষ্যটি।
শাহরুখ বাড়িতে না থাকায় বিষয়টি তাকে না জানিয়েই বাড়ির কর্মচারীরা কুকুরটির মৃতদেহ কাপড়ে জড়িয়ে সমুদ্রসৈকতের বালির নিচে কবর দিয়ে আসেন।
পরে শুটিং শেষে বাড়ি ফিরে পোষ্যের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন শাহরুখ। আরও ক্ষুব্ধ হন, যখন জানতে পারেন তাকে না জানিয়েই কুকুরটিকে কবর দেওয়া হয়েছে।
গৌরীর মামার ভাষ্য অনুযায়ী, রাত প্রায় আড়াইটার সময় বাড়ির কর্মচারীদের ডেকে তোলেন শাহরুখ। এরপর ঠিক কোথায় পোষ্যটিকে কবর দেওয়া হয়েছে, তা জানতে চান। পরে নিজেই সেখানে গিয়ে মাটি খুঁড়ে মৃতদেহটি বের করে আনেন।
কর্মচারীদের উদ্দেশে নাকি শাহরুখ বলেছিলেন, ‘তোমাদের সাহস হলো কীভাবে আমার কুকুরকে এভাবে ফেলে আসার? ও বেঁচে থাকুক বা মারা যাক, ও আমাদের পরিবারেরই অংশ।’
পরে পোষ্যটির মৃতদেহ মান্নাতের বাগানে সম্মানের সঙ্গে সমাহিত করেন শাহরুখ। সেখানে একটি স্মৃতিচিহ্নও তৈরি করা হয়।
আরও পড়ুন:
বাথরুমে লুকিয়ে রক্ষা পান ইমরান হাশমি
বিচ্ছেদ নিয়ে সরব সুরজ, ‘তৃতীয় ব্যক্তি’ তত্ত্ব উড়িয়ে দিলেন মৌনীর স্বামী
এদিকে শাহরুখ ভক্তদের জন্য রয়েছে নতুন সুখবরও। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নতুন সিনেমা কিং। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় প্রথমবার বাবার সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে সুহানা খানকে। এছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও রানি মুখোপাধ্যায়।
এমএমএফ