কানে দর্শক সমাগম ও টিকিট বিক্রিতে নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৯ মে ২০২৬
কানে দর্শক সমাগম ও টিকিট বিক্রিতে নতুন রেকর্ড

৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবার দর্শক সমাগম, টিকিট বিক্রি এবং আন্তর্জাতিক জনপ্রিয়তায় নতুন রেকর্ড গড়েছে। উৎসবের মাঝপথে প্রকাশিত অফিশিয়াল প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের এই আসরটি ইতোমধ্যে গত বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

উৎসবের প্রথম ছয় দিনে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমী ও পেশাদারদের কাছ থেকে ৫২ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩৫ হাজারের বেশি দর্শক সরাসরি কানে উপস্থিত হয়েছেন। অধিকাংশ প্রদর্শনীতেই দেখা গেছে হাউসফুল শো এবং রেকর্ডসংখ্যক টিকিট বিক্রি।

কান উৎসবের পাঁচটি প্রধান স্ক্রিনিং রুম এবং সিনেউমের চারটি থিয়েটারে শুরু থেকেই প্রায় প্রতিটি প্রদর্শনী পূর্ণ দর্শকে ভরে যায়। প্রথম ছয় দিনে অনুষ্ঠিত ১২৪টি সিনেমার স্ক্রিনিংয়ে ১ লাখ ২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

ডিজিটাল ও টেলিভিশন প্ল্যাটফর্মেও উৎসবটি ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনী অনুষ্ঠান ফ্রান্সের ফ্রান্স টু চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়, যা প্রায় ১৭ লাখ দর্শক উপভোগ করেন। উদ্বোধনী চলচ্চিত্র ‘দ্য ইলেকট্রিক কিস’ একযোগে ফ্রান্সের ৯৮০টি সিনেমা হলে প্রদর্শিত হয়ে ৫২ হাজারের বেশি দর্শক টানে।

শুধু প্রদর্শনী নয়, কান চলচ্চিত্র বাজার বা মার্শে দ্যু ফিল্মেও এবার রেকর্ড ব্যবসা হয়েছে। বিশ্বজুড়ে ১৪ হাজারের বেশি চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও সেলস এজেন্ট অংশ নিয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এবার উৎসবে আজীবন সম্মাননা অনারারি পাম দ’অর দেওয়া হয়েছে হলিউড তারকা জন ট্রাভোল্টা ও নির্মাতা পিটার জ্যাকসনকে। একই সঙ্গে কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ডকেও সম্মাননা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

উৎসবের অন্যতম আলোচিত ছবি হিসেবে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার সায়েন্স ফিকশন থ্রিলার ‘হোপ’। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছবিটির প্রিমিয়ারের পর টানা সাত মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে পুরো টিমকে অভিবাদন জানান দর্শকরা।

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন হলিউড তারকা দম্পতি মাইকেল ফাসবেন্ডার ও অ্যালিসিয়া ভিকান্দার। দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে বড় পর্দায় তাদের উপস্থিতি ঘিরে উৎসবে তৈরি হয় বিশেষ উচ্ছ্বাস।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।