প্রেমের কথা স্বীকার করলেন আনুষ্কা
অবশেষে সুর পাল্টেছেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। বরাবরই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেমের কথা অস্বীকার করে আনুষ্কা নিজেদের স্রেফ বন্ধু বলেই দাবি করেছেন। অবশেষে কোহলির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন এই বলিউড অভিনেত্রী।
ওয়ান ইনডিয়ার খবরে জানা গেছে, একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে আনুষ্কা-কোহলি পরস্পরের প্রেমে পড়েন। গত বছরের নভেম্বরে এ জুটির প্রেমের খবর প্রথম চাউর হয়। এরপর বহুবার তাদের অভিসারে মেতে উঠতে দেখা গেছে। কিন্তু বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে কখনোই আনুষ্কা প্রেমের কথা স্বীকার করেননি। অবশেষে রোববার কোহলিকে অকপটেই প্রেমিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ২৬ বছর বয়সী আনুষ্কা বলেন, `আমরা (আনুষ্কা ও বিরাট কোহলি) প্রকাশ্যেই ঘোরাফেরা করছি। একসঙ্গে নৈশভোজ করছি, খেলা দেখতে মাঠে যাচ্ছি; তা তো সবাই দেখছেন। এত কিছুর পরও যদি প্রেমের মৌখিক স্বীকারোক্তি চান, তবে আমি তা কেন দেব?`
সূত্রটি আরো জানিয়েছে, আনুষ্কা তার ক্যারিয়ার সুরক্ষিত রাখতে প্রেম নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চান না। বর্তমানে তিনি `বম্বে ভেলভেট`, `দিল ধাডাকনে দো`, `এনএইচ-১০` ছবিগুলো নিয়ে ব্যস্ত রয়েছেন।
এইচএন/এমএস