বজরঙ্গি ভাই নিয়ে আসছেন সাল্লুভাই


প্রকাশিত: ০১:২০ পিএম, ২৩ মার্চ ২০১৫

বলিউডে বিগ তিন খানের এক খান সালমান খান। সাল্লু ভাই নামেও তার পরিচিতি রয়েছে। এই নায়কের ছবি মানেই বক্স অফিস গরম হয়ে যাওয়া। এবার তিনি বাজিমাত করতে আসছেন ‘বজরঙ্গি ভাই’ নিয়ে।

সালমানের ছোট ভাই কবির খানের এই ছবিটি আগামী ১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালমান নিজে। এতে তার বিপরীতে রয়েছেন কাপুর বাড়ির ছোট কন্যে কারিনা।

বলাইবাহুল্য, বজরঙ্গি ভাই ছবির শুটিং করতে গিয়ে যথেষ্ট ভোগান্তির শিকার হয়েছেন সালমান। কৃষ্ণসার হরিণ হত্যা থেকে শুরু করে ফুটপাথে পথচারীকে গাড়িতে চাপা দেওয়ার ঘটনায় বারবার তলব করেছে আদালত। ফলে হাজিরা দিতে হয়েছে। কিন্তু শুটিংয়ে ক্ষান্ত দেননি। সব ভোগান্তিকে কী করে মজায় পরিণত করতে হয় তা বেশ ভালোই জানা আছে এই মাচু ম্যানের। তাই শুটিংয়ে কখনো কাঠবিড়ালীকে বাদাম খাইয়েছেন আবার কখনো বা গ্রামের কোন একটা বাড়িকে রঙ করে রাঙ্গিয়ে দিয়েছেন। এসব করে আদতে তিনি নিজের বিক্ষিপ্ত মনটাকেই রাঙিয়ে নিতে চেষ্টা করেছেন।

তবে শুটিংয়ের পালা শেষ। ছবিটি এখন সম্পাদনার টেবিলে। এর মুক্তির জন্য সালমানের পরামর্শেই পরিচালক সময় কিছুটা পিছিয়ে নিয়েছেন। ছবিটি হলে আসবে ঈদের দুইদিন আগে।

কারণটা আর কিছুই নয়; ঈদ বরাবরাই সৌভাগ্য বয়ে আনে এই বিগম্যানের জন্য। যদিও শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ তুমুল সাড়া ফেলায় গত ঈদটা ভালো যায়নি সালমানের। তবে এবারে মাঠ ফাঁকাই থাকবে মনে হচ্ছে। দেখা যাক, কোন পথে হাঁটে সাল্লুভাইয়ের বজরঙ্গি ভাই।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।