মৌমিতার সোনার পুতুল (দেখুন ছবিতে)
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নবাগত নায়িকা মৌমিতা মৌ। নয়ন মাহমুদের পরিচালনায় ছবিটিতে মৌমিতার সঙ্গে অভিনয় করবেন নবাগত ফয়সাল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় চলছে ছবির শুটিং।
‘সোনার পুতুল’ শিরোনামের এ ছবিতে মৌমিতাকে দেখা যাবে প্রেতাত্মায় ভর করা এক নারী হিসেবে। ছবিতে মৌমিতা ছাড়াও আরও অভিনয় করবেন- রেবেকা, কাবিলা, মিজু আহমেদসহ অনেকে।
মৌমিতা বলেন, `প্রথমবারের মতো একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছি। ভৌতিক টাইপের এ ছবিতে আমাকে ভূতে ধরা এক মেয়ের চরিত্রে দেখা যাবে। আমার উপর এক প্রেতাত্মা ভর করবে। আর এই ভূত ছাড়ানোর জন্য প্রয়োজন হবে সোনার পুতুল। এটি নিয়েই এগিয়ে যাবে ছবিটির গল্প।`
উল্লেখ্য ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত `তোমারই আছি তোমারই থাকবো` ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে মৌমিতার। এরপর অভিনয় করেন রাজু চৌধুরী পরিচালিত `তুই শুধু আমার` ছবিতে। এ ছাড়া শেষের পথে রয়েছে সায়মন তারিক পরিচালিত `মাটির পরী`। এর বাইরে চুক্তিবদ্ধ হয়েছেন আকতারুল আলম টিনুর ফ্রেন্ডস ফর এভার, শামীমুল ইসলাম শামীমের `এক মুঠো স্বপ্ন` ছবিতে। আর সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মামুন খান পরিচালিত `ভালোবাসা নীল` ছবিতে।
এএ