আকর্ষণীয় হলেই ক্ষমতা আসে না : কঙ্গনা
দীপিকা পাড়ুকোনের ‘মাই চয়েস’ ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড কুইন কঙ্গনা রণৌত। তিনি জানিয়েছেন, আকর্ষণীয় হলেই ক্ষমতা আসে না; নারীর ক্ষমতায়নের অর্থও আকর্ষণীয় হওয়া নয়। ‘মাই চয়েস’ ভিডিওটিতে নারীর ক্ষমতায়নের জন্য যে বার্তা দেওয়া হয়েছে তার প্রশংসা করেছেন তিনি।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ওই ভিডিও সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হলে কঙ্গনা বলেন, পুরুষদের মধ্যে হীনমনোভাবের জন্ম দেওয়া নারীর ক্ষমতায়নের উদ্দেশ্য নয়। আর এরকম হলে পুরুষদের ক্ষমতায়নের জন্য ২০ বছর লাগবে।
তিনি বলেন, ক্ষমতায়নের উদ্দেশ্য হলো, জীবাত্মা ও মানুষ হিসেবে একজনের পরিপূর্ণ বিকাশ। তাই কাউকে খাটো করা এর উদ্দেশ্য হতে পারে না। অবশ্য কঙ্গনা জানিয়েছেন, ভিডিওটি এখনো তাঁর দেখা হয়ে ওঠেনি।
উল্লেখ্য, হোমি আদজানিয়া নির্দেশিত ‘মাই চয়েস’ দুই মিনিটের একটি ভিডিও, যেখানে নারীর জীবনযাপনের ওপর তাঁর একার পছন্দ-অপছন্দ এবং অধিকারের কথা বলা হয়েছে।
বিএ/এমএস