হ্যাপির সাফল্যে সেলিব্রেশন পার্টি (ভিডিও)


প্রকাশিত: ০২:০০ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

আলোচিত মডেল, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে সম্প্রতি। গত ২৩ এপ্রিল ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। এরপর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি ১ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।

বাংলাদেশে এই প্রথম কোনো মিউজিক ভিডিও এত দ্রুত সময়ে সবচেয়ে বেশি মানুষ দেখার রেকর্ড করলো। এই সাফল্যে দারুণ খুশি হ্যাপি। খুশি মিউজিক ভিডিওটির নির্মাতা ও সংশ্লিষ্টরাও।

হ্যাপির অভিনয় করা মিউজিক ভিডিওর গানটির শিরোনাম ‘জানি তুমি’। ‘নীল আকাশে কালো মেঘ জমেছিল একদিন। কী ভুল আমি করেছিলাম বলোনি কোনোদিন। জানি তুমি আসবে ফিরে, স্বপ্নভরা জীবন নিয়ে’- এই সুন্দর কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও ফাহিম ইসলাম। সুর করেছেন জুয়েল মোর্শেদ।

আর রাশেদ মজুমদারের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম ও নাজনীন আক্তার হ্যাপি।

এ প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘মিউজিক ভিডিওটি এত মানুষের মধ্যে আগ্রহ তৈরি করবে ভাবিনি। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। সবার ভালোবাসা সামনের দিনগুলোতে আরও ভাল কাজ করতে উৎসাহ যোগাবে।’

রবিবার ভিডিওটির সাফল্যে একটি সেলিব্রেশন পার্টির আয়োজন করা হয়। রাজধানীর বসুন্ধরা সিটিতে একটি গেট টুগেদারের মাধ্যমে হ্যাপিকে অভিনন্দন জানান গানটির গায়ক ও ভিডিওর মডেল ফাহিমসহ অন্যান্যরা।


এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।