চম্পার সঙ্গী হলেন পরীমনি
সময়ের আলোচিত চিত্র নায়িকা পরীমনি। শাকিব খানের বিপরীতে তাকে নিয়ে রোমান্টিক গল্পের ছবি নির্মাণ করছেন হৃদয়ের কথা’খ্যাত পরিচালক এস এ হক অলিক। ছবির নাম ‘আরো ভালোবাসবো তোমায়’।
এই ছবিটিতে পরীমনির ফুফুর চরিত্রে অভিনয় করছেন এক সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী গুলশান আরা চম্পা। সোমবার পুবাইলে চম্পার সাথে অভিনয়ে অংশ নেন পরীমনি। এই সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ফেসবুকে চম্পার সাথে তোলা ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন হালের এই নয়া হার্টথ্রুব।
এ বিষয়ে পরীমনি মুঠোফোনে জাগো নিউজকে বলেন, ‘চম্পা আন্টি আমার পছন্দের একজন অভিনেত্রী। ছোটবেলা থেকেই উনার অভিনয় খুব ভালো লাগতো। এই প্রথম উনার সাথে কোনো চলচ্চিত্রে কাজ করলাম। দারুণ এক অভিজ্ঞতা হলো। গুণী মানুষদের সাথে কাজ করার সুযোগ পেলে অনেক কিছু শিখতে পারা যায়। একটা আত্মতৃপ্তি কাজ করে। পরিচালককে ধন্যবাদ তিনি প্রিয় অভিনেত্রীর সাথে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন আমাকে।’
পরীমনি জানালেন, ২৬ এপ্রিল সিলেটে শুটিং শেষ করে ২৭ এপ্রিল সোমবার থেকে গাজীপুরের পুবাইলে ছবিটির নতুন লটের শুটিং শুরু হয়েছে। এখানেই চম্পা ও পরীমনি প্রথমবারের মতো একসাথে ক্যামেরার সামনে দাঁড়ালেন।
পরীমনি আরও জানালেন, এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী চম্পার সাথে ‘সেকেণ্ড ইনিংস’ নামে একটি নাটকে কাজ করেছিলেন তিনি। সেটি ছিলো মিডিয়াতে তার প্রথম কাজ। সে নাটকে চম্পার মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এবার চলচ্চিত্রেও চম্পার সাথে অভিনয় করে উচ্ছ্বসিত এই তরুণী।
প্রসঙ্গত, প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে চম্পাতে দেখা যাবে নেতিবাচক একটি চরিত্রে। এছাড়াও ছবিতে আরও থাকছেন সোহেল রানা, সাদেক বাচ্চুর মতো তারকারা।
আরো ভালোবাসবো তোমায় শাকিব-পরীমনি জুটির দ্বিতীয় ছবি। পূর্বে এই জুটি ‘ধুমকেতু’ নামের একটি ছবিতে একে অপরের বিপরীতে অভিনয় করেছেন। সেটি অবশ্য এখনও মুক্তি পায়নি।
এলএ/আরআইপি