পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: জুবাইদা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১১ মে ২০২৬
পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন এক শিক্ষার্থী, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গৃহীত সমাজসেবী সুপরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যেন ভবিষ্যত গড়তে পারে, রাষ্ট্রব্যবস্থা তা এগিয়ে নেবে।

পুনাক সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুনাকের সদস্যরা তাদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছেন।

পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সহ-সভানেত্রী সাবিনা আওলাদ। গেস্ট অব অনার ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুনাক সহ-সভানেত্রী সাবিনা আওলাদ। পুনাকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা। সভাপতির লিখিত বক্তব্য পাঠ করেন সাবিনা আওলাদ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্বের অধিকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার পুনাক স্টলের মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরা জেলা পুনাক, দ্বিতীয় রাজশাহী জেলা পুনাক এবং তৃতীয় লালমনিরহাট জেলা পুনাক।

প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী এবং পুনাক স্টল বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিটি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।