নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১১ মে ২০২৬
বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস উপলক্ষে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নাটোরের চাঁদপুরের পীরগঞ্জে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মেডিসিন সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে ও বিকনের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং রক্তরোগ, ব্লাড ক্যানস্যার ও থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ ডা. রোমেনা আলম।

আরও পড়ুন
নার্সিং শিক্ষা এগিয়ে নেবে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ-এআইইউবি
বিদেশে নার্স পাঠানোর নতুন দুয়ার ‘আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ’

ডা. রোমেনা আলম বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতার রোগ, যেখানে শরীর পর্যাপ্ত বা স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। ফলে রোগীরা দীর্ঘমেয়াদে রক্তস্বল্পতায় ভোগে এবং বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া কোনো সংক্রামক রোগ নয়, বরং জেনেটিকভাবে বাবা-মা থেকে সন্তানের মধ্যে ছড়ায়। তাই এটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। বিয়ের আগে রক্ত পরীক্ষা করলে ঝুঁকি কমানো সম্ভব এবং কিছু দেশ এই পদ্ধতিতে সফলভাবে রোগটি নিয়ন্ত্রণ করেছে।

jagonews24

চিকিৎসার চেয়ে সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা বেশি সহজ উল্লেখ করে এই চিকিৎসক বলেন, বাহককে জানতে হবে যে, তিনি থ্যালাসেমিয়ার বাহক। তিনি এমন একজনকে বিয়ে করবেন, যিনি বাহক নন। তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার কোনো ভয় থাকবে না। এর জন্য বিয়ের আগে দুজনকেই একটি রক্ত পরীক্ষা করতে হবে। সময়মতো পরীক্ষা ও পরামর্শ নিলে সুস্থ প্রজন্ম নিশ্চিত করা যায়।

থ্যালাসেমিয়া সচেতনতা ক্যাম্পেইনে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ৩০ জন থ্যালাসেমিয়া রোগীকে ফ্রি মেডিকেল কাউন্সিলিং, সর্বোচ্চ ছাড়ে বিভিন্ন টেস্ট এবং মেডিসিন সেবা প্রদান করা হয়।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।