আসছে পদ্ম পাতার জল চলচ্চিত্রের গান
তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ চলচ্চিত্রের শুটিং, ডাবিং ও সম্পাদনা শেষ। পরিচালক প্রস্তুতি নিচ্ছেন ছবিটি মুক্তি দেওয়ার। তবে তার আগেই বাজারে আসছে ছবির গান।
নির্মাতা জানান, খুব শিগগিরই আমরা এ ছবির গানগুলো শ্রোতাদের উপহার দিতে চাই। আমরা সম্পাদনা ও ডাবিং শেষে এবার এ ছবির অডিও প্রকাশ নিয়ে ব্যস্ত রয়েছি। খুব শিগগিরই শ্রোতারা এটি হাতে পাবেন।
ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন লতিফুল ইসলাম শিবলী। ঔপনিবেশিক সময়ের এক গল্পকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের জন্য জাঁকজমকপূর্ণ সেট এবং জমকালো পোশাক পরিকল্পনার এক নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে `পদ্মপাতার জল` চলচ্চিত্রে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন ও বিদ্যা সিনহা মিম।
ছবিতে মোট গান রয়েছে ৬টি। গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এসআই টুটুল, অর্ণব, অদিত এবং ব্যান্ডদল `শিরোনামহীন` ও `চিরকুট`। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, কনা, আসিফ আকবর, ন্যান্সি, অদিত, পড়শী, অন্বেষা দত্ত, এলিটা করিম, শোয়েব ও শিরোনামহীনের তুহিন।
এসআরজে