বিদেশে নাচবেন নায়লা নাঈম
পেশায় দাঁতের ডাক্তার হলেও অসাধারণ শরীরী সৌন্দর্য দিয়ে তিনি মাত করেছেন সকলের হৃদয়। পণ্যের মডেলিং থেকে শুরু করে সিনেমায় আইটেম গান ও বিজ্ঞাপন চিত্রেও দেখা মিলছে তার।
বলছি সময়ের আলোচিত মডেল নায়লা নাঈমের কথা। দেশের ভক্তদের মন মাতিয়ে এবার তিনি হাজির হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের সামনে। দেশটির জ্যামাইকাতে ৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০১৫ আসর। এতে পারফর্ম করতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল নায়লা নাঈম। সেখানে তিনি গানের তালে নাচে অংশ নিবেন।
প্রবাসী বাংলাদেশিদের এই আনন্দযজ্ঞে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত নায়লা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার ভাল লাগার কথা।
এ বিষয়ে নায়লা বলেন, ‘দেশের বাইরে প্রবাসী ভক্তদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এতো বড় অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে নিজেকে সৌভাগ্যবানও মনে করছি।’
প্রবাসে বাস করা বাংলাদেশিদের জন্য এরকম আয়োজন দেশপ্রেম ও নিজ সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই চিকিৎসক মডেল।
প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখা বরিশালের মেয়ে নায়লা ইতোমধ্যে অভিনয়েও সমান জনপ্রিয়তা পেয়েছেন। ২০১৩ সালে প্রয়াত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ঘাট বাবু’ উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘ঘাট বাবু নিতাই চন্দ্র’-তে অভিনয়ে দর্শক নন্দিত হয়েছেন নায়লা।
‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা ছবিতে অভিষেক ঘটানো নায়লা নাঈম ‘মারুফ টাকা ধরে না’ নামের একটি চলচ্চিত্রে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় বেশ কিছু মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন তিনি।
এলএ/আরআইপি