হোটেলে বলিউড অভিনেত্রীর শ্লীলতাহানি


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০২ মে ২০১৫

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের একটি হোটেলে হিন্দি সিনেমার নবাগত এক অভিনেত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। রাতে ওই অভিনেত্রী যখন ঘুমাচ্ছিলেন, তখন ওই হোটেলেরই এক কর্মী ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। অভিনেত্রী সে সময় জেগে গেলে, অভিযুক্ত পালিয়ে যান।

হিন্দি ছবির শ্যুটিং চলার কারণেই ১৬ এপ্রিল থেকে ভূপালে রয়েছেন ওই দক্ষিণী অভিনেত্রী। অভিযুক্ত ওই হোটেলকর্মীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছে মধ্যপ্রদেশ নগর পুলিশ। পুলিশ অভিযুক্ত হোটেলকর্মীকে গ্রেফতার করেছে।

তবে, হোটেল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। হোটেল ম্যানেজারের বক্তব্য, ওই অভিনেত্রী রাতে মদ্যপ অবস্থায় ছিলেন। হোটেলরুমের দরজা বন্ধ না-করেই ঘুমিয়ে পড়েছিলেন। ভিতর থেকে রুম বন্ধ করার অনুরোধ জানাতেই ওই অভিনেত্রীর ঘরে গিয়েছিলেন সেই কর্মী। যদিও, হিন্দি ছবির নবাগতা ওই অভিনেত্রীর বক্তব্য, বদ উদ্দেশ্য নিয়ে তার রুমে ঢুকেছিলেন ওই হোটেলকর্মী।

ভূপালে শ্যুটিং চলছে হিন্দি ছবি `সত্তা পরিবর্তন` ছবির। এই ছবির সহকারী পরিচালক নীরজ সানানসের জানান, ১৬ এপ্রিল থেকেই তাদের শ্যুটিং ইউনিটের সবাই ভূপালে রয়েছেন। তারা উঠেছেন হোটেল অমর বিলাসে। সেখানকার ৬০২ নম্বর ঘরে একাই ছিলেন নবাগতা ওই তরুণী অভিনেত্রী। তিনি যে রাতে রুমের দরজা বন্ধ না-করেই ঘুমিয়ে পড়েছিলেন, তা স্বীকার করে নেন।

তার কথায়, রাতে কেউ একজন দরজায় টোকা দেয়। তাতেই ঘুম ভেঙে যায়। কিন্তু, দরজার বাইরে উঁকি মেরে কাউকে দেখতে পাইনি। এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে হঠাৎ নজরে পড়ে কেউ একজন আমার রুমে বসে। আমার শরীর স্পর্শ করছে। ঘর অন্ধকার থাকায় তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ভয় পেয়ে হাতের সামনে থাকা অ্যালার্মে চাপ দিই। হোটেল কর্তৃপক্ষকে আসতে বলি। প্রায় মিনিট পনের পর একজন হোটেলকর্মী তার ঘরে আসেন। তার পায়ে চটি নেই। কয়েক মুহূর্ত আগে যে আমার ঘর থেকে ছুটে পালায়, তার জুতোটা আমার রুমেই ছিল। সে কারণে আমার দৃঢ় ধারণা, এই সেই ব্যক্তি। অভিনেত্রীর অভিযোগ, এর পর তিনি পুলিশকে ডেকে সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বললে, তা মানতে চায়নি হোটেল কর্তৃপক্ষ। এ নিয়ে বাদানুবাদও হয়।

এর পর অভিনেত্রী নিজেই থানায় ফোন করেন। পরে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই অভিযুক্ত হোটেল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।