সবচেয়ে সঠিক সংবাদ প্রচার করুক জাগো নিউজ: সাইফ খান
জাগো নিউজের ১২ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা সাইফ খান। জনপ্রিয় এই অনলাইন সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেছেন, জাগো নিউজ সবসময় সবচেয়ে সঠিক সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেবে।
এক শুভেচ্ছাবার্তায় সাইফ খান বলেন, ‘আজ দেশের একটি অত্যন্ত জনপ্রিয় ও বস্তুনিষ্ঠ অনলাইন পোর্টাল জাগো নিউজের ১২ বছর তথা ১ যুগ পূর্তি। এ উপলক্ষে আমি অন্তরের অন্তস্থল থেকে পোর্টালটির সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি অনলাইন ব্যবহারকারী বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই জাগো নিউজের সংবাদ পাঠ করে। এক যুগ বা ১২ বছর অনেক দীর্ঘ সময়। মানুষের ভালোবাসা এবং নিজের যোগ্যতা ছাড়া কখনো এত দীর্ঘ সময় কোনো অনলাইন পোর্টালের টিকে থাকা সম্ভব নয়।’
জাগো নিউজের সংবাদ পরিবেশনের ধরন নিয়েও মন্তব্য করেন এই অভিনেতা। তার ভাষায়, রাষ্ট্রের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও মানুষের দুঃখ-দুর্দশার খবর যেমন গণমাধ্যমে উঠে আসা প্রয়োজন, তেমনি বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়াও জরুরি।
সাইফ খান বলেন, ‘সবার আগে নয়, বরং সবচেয়ে সঠিক সংবাদটি প্রচার করুক এই পোর্টাল।’ একই সঙ্গে জাগো নিউজের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে জাগো নিউজ। প্রতিষ্ঠার পর থেকেই নির্ভীক, অনুসন্ধানী, তথ্যনির্ভর ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করছে সংবাদমাধ্যমটি।
আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, কলাম ও বিশেষ প্রতিবেদনসহ নানা বিষয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:
মৌসুমীকে বিয়ের অজানা গল্প জানিয়ে মাকে স্মরণ করলেন ওমর সানী
নায়ক মান্না ও থালাপতি বিজয় একসঙ্গে, ভাইরাল ছবি নিয়ে তুমুল রহস্য
দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা জাগো নিউজের সংবাদকর্মী দল শুরু থেকেই পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়েও এগিয়ে চলছে সংবাদমাধ্যমটি।
এমএমএফ/এমএস