আতাউর রহমান ছিলেন জ্ঞানী ও ছোট বাচ্চাদের মতো মানুষ: জাহিদ হাসান
দেশের মঞ্চনাট্যের কিংবদন্তি ও ‘মঞ্চসারথি’ হিসেবে পরিচিত প্রয়াত আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। মঙ্গলবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত আতাউর রহমানের জানাজায় অংশ নেন তিনি।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আতাউর রহমান ছিলেন জ্ঞানী, গুণী ও পণ্ডিত মানুষ। ছোট বাচ্চার মতো ছিলেন। তার শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়।
জাহিদ হাসান আরও বলেন, হুমায়ূন আহমেদের নুহাশ পল্লীতে তার সঙ্গে আতাউর রহমানের অনেক স্মৃতি রয়েছে। তিনি বলেন, ‘আমাকে অনেক আদর করতেন, অনেক পরামর্শ দিতেন। উনি খুব সুন্দর করে বাংলা ও ইংরেজি বলতে পারতেন, যা আমরা অনেকেই পারি না।’
তিনি আরও জানান, আতাউর রহমানের শেক্সপিয়র ও রবীন্দ্রনাথ বিষয়ে গভীর জ্ঞান ছিল। বয়স বাড়লেও তিনি সবসময় শিশুদের মতো প্রাণবন্ত ও সহজ-সরল ছিলেন বলেও মন্তব্য করেন জাহিদ হাসান।
মঞ্চনাট্যের এ বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় নাট্যাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
এমআই/এলআইএ