শাস্তির জন্য তৈরি সালমান!


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০২ মে ২০১৫

ক্যামেরার সামনে দাঁড়াতে তিনি কোনো দিন আপত্তি করেননি। জীবনে যা কিছু ঘটুক না কেন, ছবি করে চলেছেন সমানে। একের পর এক হিট দিয়েছেন বক্স অফিসে। কিন্তু এবার ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হলেন না বলিউড হার্টথ্রুব সালমান খান। ৬ মে ভাগ্যপরীক্ষা। তার আগে আর কোনো কাজ নিতে নারাজ তিনি।

২০০২ সালের ‘হিট অ্যান্ড রান কেস’-এ আদালত রায় জানাবে আগামী ৬ মে। দীর্ঘদিন ধরে চলা শুনানিতে সালমানের বিরুদ্ধে যে অভিযোগ তা অনেকটাই স্পষ্ট। অভিযোগ ছিল, সেদিন মদ্যপ অবস্থায় সালমানই গাড়ি চালিয়েছিলেন।

যদিও সালমানের ড্রাইভার আদালতে জানান, গাড়ি তিনিই চালিয়েছিলেন। তার বয়ান নিয়ে অবশ্য সংশয় আছে। আরও নানা বিষয়ে ডিফেন্স-প্রসিকিউশনের তর্ক বিতর্ক চলেছে আদালতে। সমস্ত শুনানি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় দেবে ৬ মে।

দিনটি যে তার জীবনের মোড় ঘোরানো একটা দিন হতে চলেছে তা জানেন সলমন। আর তাই এই মুহূর্তে কোনো কাজ নিচ্ছেন না তিনি। আদালতে দোষী প্রমাণিত হলে, ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে সলামানের। সেই সম্ভাবনা মাথায় রেখেছেন তিনি। আর তাই ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘ প্রেম রতন ধন পায়ো’র বাইরে কোনো কাজের চুক্তিতে সই করছেন না তিনি।

সালমানের আগে বলিউডের আর এক তারকা অভিনেতা সঞ্জয় দত্তেরও একই পরিণতি হয়েছিল। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দোষী প্রমাণিত হয়ে কারাদণ্ড হয়েছে তার। সাজা ঘোষণা হওয়ার পর, বাড়তি তৎপরতায় হাতে ধরাকাজ শেষ করতে হয়েছিল তাকে।

সম্ভবত সে কথা মাথায় রেখেই আর কোনো কাজ নিচ্ছেন না সালমান। ৬ মে রায় ঘোষণার পরই জানা যাবে আগামীতে বলিউডে তাকে নিয়মিত দেখা যাবে কি না।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।