ঘর বাঁধলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ
ঘর বাঁধলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ। ১ মে শুক্রবার রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাঁর বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তপু, শাহেদ-সহ তারকাদের অনেকেই উপস্থিত ছিলেন।
কনের নাম মৌরি রহমান। তিনি স্থাপত্য বিষয়ে পড়াশোনা করেছেন বুয়েটে। উত্তরা ১২ নম্বর সেক্টরে ক্রসফিট জিমে নিয়মিত শরীরচর্চা করতেন মিলন। সেখানে মৌরির সাথে তাঁর পরিচয় হয়। এরপর দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ের বিষয়ে আলোচনা করেন।
মিলন বলেন, ‘অনেকটা হুট করেই বিয়ে করলাম। তাই সবাইকে নিমন্ত্রণ জানাতে পারিনি। দুই পরিবারের আয়োজনেই বিয়েটা হলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
মিলন মাহমুদ ২০০৯ সালে চলচ্চিত্রে গাইতে শুরু করেন। এ পর্যন্ত ১৬টি ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে ‘চোরাবালি’ ছবির ‘মা’ গানটি প্রশংসিত হয়েছে সবচেয়ে বেশি।
আরআই