নতুন জুটিতে ইমনের সঙ্গী শুভশ্রী


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০৩ মে ২০১৫

ওপার বাংলার জনপ্রিয় চিত্রাভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এপারের সুদর্শন ও জনপ্রিয় চিত্র নায়ক ইমন। দু’জন সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে জুটি বাঁধলেন। রাঙাপরী মেহেদীর বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য নির্মাতা সনক মিত্র।

সম্প্রতি কলকাতা থেকে জিঙ্গেলভিত্তিক এ বিজ্ঞাপনচিত্রের শুটিং করে দেশে ফিরলেন ইমন। জানালেন, সনক মিত্রের নির্দেশনায় অত্যন্ত জমকালো আয়োজনে বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে।

ইমন বলেন, ‘শুভশ্রী দারুণ একজন অভিনেত্রী। সে খুবই সহযোগীপরায়ণ। তার সাথে কাজ করতে খুবই ভাল লেগেছে। একসঙ্গে সিনেমায় কাজ করার কথাও হয়েছে আমাদের। আশা করি ওর সাথে আরো কাজ করার সুযোগ পাবো।’

এদিকে নায়ক ইমনের এখন সব ভাবনাচিন্তা জুড়েই ‘পদ্মপাতার জল’ ছবিটি। তন্ময় তানসেন পরিচালিত এ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রেমের ছবি ‘পদ্মপাতার জল’-এ ইমনের নায়িকা বিদ্যা সিনহা মীম। ইমন-মীম জুটির দ্বিতীয় ছবি এটি। এর আগে তারা ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জেনাকির আলো’তে অভিনয় করেছিলেন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।