সুনন্দার মৃত্যু নিয়ে মণীষার গেম, ক্ষেপেছে কংগ্রেস
কংগ্রেস নেতা শশী তরুরের প্রয়াত স্ত্রী সুনন্দা পুষ্করের মর্মান্তিক মৃত্যু-রহস্যের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘গেম’। বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা অভিনীত এই দ্বিভাষিক ছবি এখন ভারতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক এএমআর রমেশ।
এ নিয়ে বেজায় চটেছে কংগ্রেস। খবরে প্রকাশ, কন্নড়-তামিল ভাষায় নির্মীয়মাণ এই ছবির নির্মাতা এএমআর রমেশের কাছে চিত্রনাট্য সম্পর্কে বিস্তর খোঁজ নিতে শুরু করেছেন বিভিন্ন কংগ্রেস নেতা। তবে, রমেশ এই ছবির বিষয়ে কোনও তথ্য দিতে রাজি নন।
জানা গিয়েছে, সুনন্দার জীবনী নিয়ে ছবির ব্যাপারটি তিনি স্বীকার করেননি। তবে সরাসরি অস্বীকারও না করে জল্পনাকে আরও উস্কে দিয়েছেন।
কংগ্রেসের চিন্তার কারণ অন্য জায়গায়। তা হল, সত্য ঘটনা অবলম্বনে ছবি নির্মাণ করতে রমেশ সিদ্ধহস্ত। শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রেই ছবিগুলি বিতর্কিত হয়। যেমন, অতীতে রাজীব গাঁধীর হত্যাকারীদের ওপর নির্মিত ছবি ‘সায়নাইড’ বা বীরাপ্পনের ওপর তৈরি ছবি ‘আত্তাহসা’ বিতর্কের জন্ম দিয়েছিল। কংগ্রেসের আশঙ্কা, সুনন্দাকে নিয়ে ‘বিতর্কিত’ ছবিটি মুক্তি পেলে নতুন করে না আবার কোনো বিতর্ক হয়। যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
প্রাক্তন দক্ষিণী সুপারস্টার তথা কংগ্রেস নেত্রী খুশবু নাকি এই ছবির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন মাধ্যমে তালাশি করেছেন। সংবাদমাধ্যমের সামনে এই কথা জানান রমেশ। এরপরই শুরু হয় শোরগোল। রমেশের বক্তব্যকে খণ্ডন করতে আসরে নেমে পড়ে কংগ্রেস।
কর্নাটকে দলের মুখপাত্র এম রামচন্দ্রপ্পা জানিয়েছেন, দলের তরফে কেউ এ ধরনের খোঁজখবর নেয়নি। তিনি উল্টে পুরো বিষয়টিকে রমেশের মস্তিষ্কপ্রসূত বলে দাবি করে জানান, পরিচালক ছবির ‘সস্তা প্রচার’ করার জন্য এধরনের খবর রটাচ্ছেন। তার মতে, যদি এই ছবিতে সুনন্দাকে নিয়ে কোনও কিছু থেকেও থাকে, তাহলে দল তা যথাযথভাবে মোকাবিলা করবে।
উল্লেখ্য, ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের অ্যাকশন স্টার অর্জুন, শ্যাম এবং মণীষা কৈরালা। রমেশ জানিয়েছেন, ছবিটি একটি মার্ডার মিস্ট্রি, যেখানে একজন ভিআইপি জড়িয়ে রয়েছেন। দক্ষিণের ফিল্ম চেম্বার্স অব কমার্সের নিয়মানুসারে কারও জীবনী নিয়ে কোনও কাল্পনিক ছবি বানালে আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের থেকে অনুমতি গ্রহণ করতে হয়। তবে, রমেশ সে সবের ধার ধারেননি, কারণ তাতে সুনন্দা-তত্ত্ব প্রতিষ্ঠা পেয়ে যেত, এমনটাই মনে করছে কংগ্রেস।
এলএ/পিআর