আবারো মোশাররফের সাথে অর্ষা
দীর্ঘদিন পর আবারো জুটি বেঁধে কাজ করলেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম ও লাক্স সুন্দরী অর্ষা। ঈদের জন্য নির্মিত ‘খায়েস’ নামের ছয় খন্ডের একটি নাটকে অভিনয় করেছেন মোশাররফ-অর্ষা।
কোনো খন্ড নাটকের ধারাবাহিকে এটাই তাদের প্রথম কাজ। কাজী শাহীদুল ইসলামের রচনায় এটি পরিচালনা করছেন সকাল আহমেদ।
৩ মে থেকে পুবাইলের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম, আরফান আহমেদ প্রমুখ।
নাটকটি নিয়ে অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে সবসময়ই ভালো লাগে। দারুণ একজন কো-আর্টিস্ট তিনি। আশা করছি আগের কাজগুলোর মতো নতুন নাটকেও আমাদের কাজ ভালো লাগবে সবার।’
নতুন নাটকের গল্প ও নিজের চরিত্র নিয়ে অর্ষা জানান, ‘এ নাটকে আমার চরিত্রের নাম ময়না। কাহিনীতে দেখা যাবে, আমি মোশাররফ ভাইকে অনেক ভালোবাসি এবং ফজলুর রহমান বাবু আমার বাবার চরিত্রে অভিনয় করছেন। আশা করছি, ছয় খন্ডের এ নাটকটিও দর্শকরা পছন্দ করবেন।’
পরিচালক জানালেন, আসছে রোজার ঈদে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে ছয় খন্ডের এ নাটকটি।
উল্লেখ্য, এর আগে ‘সিমিলার টু’, ‘চা অথবা কফি’ ও ‘সেই রকম চা খোর’ নামের খন্ড নাটকগুলোতে একসাথে অভিনয় করেছেন মোশাররফ করিম ও অর্ষা।
এলএ/আরআইপি