সেন্সরে যাচ্ছে পদ্ম পাতার জল
শেষ হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবি ‘পদ্ম পাতার জল’র শুটিং। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শুটিং করা হয়েছে ইমন ও মিম অভিনীত পদ্ম পাতার জল ছবির।
ঈদকে লক্ষ্য করে মুক্তির অপেক্ষায় থাকা ‘পদ্ম পাতার জল’ ছবিটি চলতি মাসের শেষে সেন্সরে যাচ্ছে। এ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন বিখ্যাত গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। তন্ময় তানসেন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইমন, মীম, অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, মিরাক্কলে খ্যাত আবু হেনা রনিসহ আরো অনেকে।
ভিন্ন ধারার ছবি নির্মাণের আশ্বাসে ট্রাইপড স্টুডিও তৈরি করছে তাদের প্রথম ছবি। ছবিটির সম্পাদনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সামীর আহমেদ।
ছবিটি নিয়ে পরিচালক তন্ময় তানসেন বলেন, ‘মে মাসের শেষে সেন্সরে জমা দিবো ছবিটি। এর দৃশ্যধারনে যেমন ব্যবহার করা হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি তেমনি পোস্ট প্রোডাকশনের কজেও দেয়া হয়েছে সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া। আশা করি, ছবিটি দর্শকদের পছন্দ হবে।’
এলএ