শুভ জন্মদিন চাঁদনী


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৯ মে ২০১৫

ছোটবেলায় নাচ, গান, আবৃত্তি এবং অভিনয় এই চারটি শাখাতেই চাঁদনীর অবাধ বিচরণ ছিলো। সময়ের সাথে সাথে নিজেকে নিয়ে এসেছেন জনপ্রিয়তার চূড়ায়। ১৯ মে, মঙ্গলবার এই সব্যসাচি শিল্পীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে তার স্বামী জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার নিজের ফেসবুক ওয়ালে শুভেচ্ছা স্ট্যাটাস পোস্ট দিয়েছেন।

চাঁদনী যেমনি নৃত্যশিল্পী হিসেবে সুনাম কুড়িয়েছেন তেমনি অভিনেত্রী হিসেবেও ঘরে তুলেছেন অসংখ্য স্বীকৃতি আর প্রশংসা। ছোটবেলায় শিল্পের নানা শাখায় প্রতিভার বিকাশ ঘটালেও বয়স বাড়ার সাথে সাথে চাঁদনী অভিনয় এবং নাচেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেন। অভিনয় করেছেন মন ছুঁয়ে যাবার মতো অসংখ্য নাটক-টেলিফিল্মে। কিছু বিজ্ঞাপনেও দেখা গেছে তার সরব উপস্থিতি।


পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

মাঝে সংসার নিয়ে ব্যস্ততায় কিছুটা সময় ছিলেন ক্যারিয়ারে অনিয়মিত। তবে চলতি বছরেই নিয়মিত হয়েছেন চাঁদনী। সম্প্রতি নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় কাজ করেছেন ‘বালা’ নামের এক ঘণ্টার কাজ। এখানে দীর্ঘ পাঁচ বছর পর জুটি বেঁধে তিনি কাজ করলেন অভিনেতা সজলের সাথে।

এছাড়া চাঁদনী অভিনীত ফজলে আলম জুয়েল পরিচালিত ধারাবাহিক নাটক ‘বিমুর্ত সংলাপ’ বাংলাদেশ টেলিভিশনে এবং সবুর খান পরিচালিত ‘দাগ’ নাটকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। 


পাশাপাশি চলছে নাচ ও নিজের দল সৃষ্টি কালচারাল সেন্টার নিয়ে নানা ব্যস্ততা। তবে হুট করেই শোনা যাচ্ছে ছোটবেলার শখ পূরণ করতে গান গাইবেন চাঁদনী। এক্ষেত্রে নিজের স্বামীই নাকি তাকে উৎসাহিত করছেন। মূলত, বাপ্পা মজুমদারের কম্পোজিশনে দেশাত্ববোধক গান ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা’ গানে কন্ঠ দিয়ে গায়িকা হিসেবে আলোচনাতেও এসেছিলেন চাঁদনী। সে থেকেই তার গান গাওয়া নিয়ে নানা গুঞ্জন।

তবে চাঁদনী একটু কৌশল করে সেসময় সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘গান ভালোবাসি। শুনতে এবং গাইতেও।  কখনো ইচ্ছে হয়নি পেশাগতভাবে গান করার। তবে হঠাৎ তেমন কিছু হয়েও যেতে পারে। মানুষের জীবনে কখন কী হয় কেউই তা বলতে পারেনা।’ তাই চাঁদনী ভক্তরা তৈরি থাকতেই পারেন প্রিয় মানুষটির গানের অ্যালবাম বাজারে আসার। 


উল্লেখ্য, হৃদয়ঘটিত সম্পর্কের জের ধরে ২০০৮ সালের ২১ মার্চ, প্রেমিক বাপ্পা মজুমদারের সাথে বিয়ের ছাদনাতলায় বসেন চাঁদনী। সেই থেকে চলছে সুখের দাম্পত্য জীবন। ভালোবাসা আর বিশ্বাসের বাঁধনে তারা মুগ্ধ করে রেখেছেন একে অপরকে। বিশেষ দিনটিতে চাঁদনীর জন্য তো বটেই তার দাম্পত্য জীবনের জন্যও রইল শুভকামনা। শুভ হোক প্রিয় শিল্পী চাঁদনীর প্রতিটি দিন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।