ইত্যাদি এবার আনসার একাডেমিতে
দেশের বিভিন্ন স্থান পরিভ্রমণের পর ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে। ইত্যাদির এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। দুই অভিন্ন হৃদয় বন্ধুর বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী পালনের উৎসবে আমন্ত্রিত হয়ে গিয়েছিল ইত্যাদির টিম। রয়েছে একটি আদর্শ গ্রামের ওপর শিক্ষণীয় ও অনুকরণীয় প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। গান গেয়েছেন গাজীপুরেরই খ্যাতিমান শিল্পী মিনা বড়ুয়া।
আরও রয়েছে মহান ‘মে দিবস’ উপলক্ষে বাংলাদেশ আনসার বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় শ্রমজীবী মানুষদের নিয়ে একটি জনপ্রিয় গানের সমবেত যন্ত্রসঙ্গীত। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ।
দেশী ফলের পরিচিতি সংকট, কথার লড়াই, অনুষ্ঠানের প্রচারণা ও বাস্তবতা, টিভি উপস্থাপনার ধরন, সংসারে অফিসের প্রভাব, ইন্স্যুরেন্সের সেকাল-একালসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচার হবে ২৯ মে রাত ৮টার বাংলা সংবাদের পর।
এআরএস/আরআই