মৌনীকে ব্যবহার করেছেন সুরজ, ডিভোর্সের গুঞ্জনে অর্থ লুটের অভিযোগ
বলিউড অভিনেত্রী মৌনি রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। টিনসেল টাউনের বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এই তারকা দম্পতি।
গুঞ্জনের মধ্যেই আরও চাঞ্চল্যকর দাবি উঠেছে, দুবাইভিত্তিক ব্যবসায়ী সুরজ নাকি নিজের পরিচিতি ও প্রভাব বাড়াতে মৌনীর জনপ্রিয়তাকে ব্যবহার করেছেন। এমনকি অভিনেত্রীর অর্থও ব্যক্তিগতভাবে খরচ করেছেন বলে আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি মৌনী বা সুরজ। তবে নেটিজেনদের নজর এড়ায়নি একটি বিষয়। সম্প্রতি তারা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি সুরজের সামাজিক মাধ্যম থেকে মৌনীর সঙ্গে বিয়ের ছবিও সরিয়ে ফেলার বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে।
২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জাকজমক আয়োজনে বিয়ে করেছিলেন মৌনী ও সুরজ। বাঙালি ও মালয়ালি, দুই রীতিতেই অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সে সময় তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
গত কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠান ও বিদেশ সফরে একসঙ্গে দেখা গেছে এই দম্পতিকে। তাই বিচ্ছেদের গুঞ্জন ভক্তদের কাছে বড় ধাক্কা হিসেবেই এসেছে।
এলআইএ