কক্সবাজারে শেষ সংলাপ


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৫ মে ২০১৫

তিন দশক পূর্তি উপলক্ষে কক্সবাজার থিয়েটার আয়োজন করতে যাচ্ছে ‘কক্সবাজার নাট্যোৎসব ২০১৫’। মঙ্গলবার থেকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শুরু হতে যাচ্ছে এই উৎসব। চলবে রোববার পর্যন্ত।

উৎসবে আগামী শুক্রবার সন্ধ্যায় সময় নাট্যদল পরিবেশন করবে নাটক ‘শেষ সংলাপ’। এ উপলক্ষে সময়’র ৩০ সদস্যের একটি দল আগামী বৃহস্পতিবার রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। ‘সময়’র ২৯তম এই প্রযোজনাটি ২০০৯ সালের ২৫ ডিসেম্বর প্রথম মঞ্চে আসে।

দেশে-বিদেশে এখন পর্যন্ত নাটকটির ৬৫টি প্রদর্শনী হয়েছে। ‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।

নাটকের গল্পে দেখা যাবে মিশরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তার পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তার মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুিক্ত দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে?

আইনী পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন শেষ সংলাপ।

নাটকটিতে অভিনয় করছেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, মৌসুমী, সোনিয়া প্রমূখ।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।