কলম্বাস কফি শপ উদ্বোধন করলেন অনন্ত-বর্ষা
নিজেদের নতুন চলচ্চিত্র নির্মাণ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন ঢাকাই ছবির অন্যতম জুটি অনন্ত-বর্ষা। এরইফাঁকে সম্প্রতি একটি কফি শপের উদ্বোধন করলেন তারা।
আলোচিত দুই অভিনয়শিল্পীর হাত ধরে যাত্রা শুরু করলো আমেরিকার ওহাইওর বিখ্যাত কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফির বাংলাদেশি ফ্রানচাইজি কলম্বাস কফি শপ। বনানীর ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির দোতলায় এ দুজন তারকা অভিনয়শিল্পী মিলে উদ্বোধন করেন শপটি।
এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, ক্রিকেটার আশরাফুলসহ অনেকেই।
উদ্বোধন শেষে অনন্ত-বর্ষা ও অতিথিরা মিলে পুরো কফি শপটি ঘুরে দেখেন, সেলফি তোলেন এবং কফি গ্রহনকারীদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০০ স্কয়ারফিট জায়গাজুড়ে স্থাপিত এই শপে ক্রিমসন কাপ কফি পরিবেশিত হচ্ছে। বাংলাদেশে এই কফির প্রথম এবং একমাত্র ফ্র্যাঞ্চাইজি কলম্বাস কফি শপ। কফির পাশাপাশি এই শপে ডেজার্ট আইটেম হিসেবে পেস্ট্রির ব্যবস্থাও আছে।
কলম্বাস কফি শপ সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এখানে এসপ্রেসো, ওভার আইস এবং ফ্রোজেন এই তিন পদ্ধতিতে হরেক রকমের কফি ড্রিংকস সরবরাহ করা হয়। পুরো শপটায় ওয়াইফাইজোনের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে ক্রিমসন কাপের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বেলেস, আমন্ত্রিত অতিথিদের ক্রিমসন কাপের বেস্ট রোস্টেড কফি তৈরি করে দেখান। অতিথিরা কফি খেয়ে এর ভূয়সী প্রশংসা করেন। পরে স্টিভ বেলেস ক্রিমসন কাপ কফি সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের জানান।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যন মির্জা আবদুল খালেদ, ব্যবস্থপনা পরিচালক মোহাইমিন মোস্তফা, পরিচালক সরফরাজ আনোয়ার উপল, তারেক রাফি ভূঁইয়া, আয়েশা রওশন ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এলএ/এমএস