কান চমকে দিলো বলিউড!


প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৫ মে ২০১৫

এমন অনেক কিছুই হবে, যা কেউ ভাবেনি আগে। দিন দিন বিশ্ব দরবারে এশিয়ার এগিয়ে চলা এ কথারই প্রমাণ দিচ্ছে বুঝি! বেশ কয়েকবছর ধরে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র বাজারে পরিণত হয়েছে বলিউড।

আর প্রায় পনের বছর ধরে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন বলিউড তারকারা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে চলতি বছরের আসরটি। সাধারণত সহজে খুশি করা যায় না- কান চলচ্চিত্র উৎসবের দর্শকদের; এমনই প্রচার রয়েছে বিশ্ব জুড়ে। কিন্তু সেই দর্শকরাই দাঁড়িয়ে একটানা ৫ মিনিট ধরে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে গেলেন হিন্দি সিনেমা ‘মসান’-এর পরিচালক নীরাজ ঘেওয়ান এবং কুশীলবদের।

যেমন অবাক করা ব্যাপার তেমনি চোখের জল আর ধরে রাখতে পারেননি নীরাজ এবং সিনেমার অন্যতম অভিনেত্রী রিচা চাড্ডা। কানে ২টি পুরস্কার জিতে নিল ‘মসান’। ইন্টারন্যাশনাল জুরি অফ ফিল্ম ক্রিটিক প্রাইজ (এফ আই পি আর ই এস সি আই) এবং প্রমিসিং ফিউচার প্রাইজ।

এবার কানে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে ২০ মে দেখানো হয়েছিল সিনেমাটি। মূল প্রতিযোগিতা বিভাগের সমান্তরাল এই বিভাগটি ১৯৭৮ সালে চালু হয়েছে। এখানে পৃথিবীর নানা প্রান্তের ‘অরিজিন্যাল অ্যান্ড ডিফারেন্ট’ সিনেমাকে তুলে ধরা হয়। ভারত এবং ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি ‘মসান’-এ অভিনয় করেছেন রিচা চাড্ডা, সঞ্জয় মিশ্র, ভিকি কৌশল, শ্বেতা ত্রিপাঠি।

হিন্দিতে ‘মসান’-এর অর্থ শ্মশান। বারাণসীর ঘাট আর তিরতির করে বয়ে চলা গঙ্গাকে ফ্রেমে রেখে আধুনিক ভারতের জাতপাত, শ্রেণীবিভাজন, নীতি-নৈতিকতা নিয়ে গল্পের জাল বুনেছেন নীরাজ। এই ২০১৫ সালেও এক ডোমের ছেলে মধ্যবিত্ত একটি মেয়েকে ভালবাসলে সমাজের ভ্রু কুঁচকে যায় কেন? কলেজ-পড়া একটি মেয়ে তার পুরুষবন্ধুর সঙ্গে হোটেলে ঢুকলে সমাজ আর আইন চোখ রাঙায়। কিন্তু সেজন্য ঘুষ দাবি করে জীবনকে ব্যতিব্যস্ত করে তুললেও তা নিয়ে মাথা ঘামায় না।

নীরাজ ঘেওয়ানের এটাই প্রথম সিনেমা। ছোট বাজেটের, অন্য ধারার সিনেমাটি করার আগে তিনি অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এ সহকারী পরিচালকের কাজ করেছেন। স্বভাবতই উচ্ছ্বসিত। ডুবে যাচ্ছেন অভিনন্দন, ভালবাসার জোয়ারে।

টুইট করে বলেছেন, দীর্ঘদিন ভারতের পাওনা ছিল এটা। গুরু অনুরাগ ক্যাশপকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘দেখুন, অনুরাগ ক্যাশপ, আপনার শিক্ষা আমাকে কোথায় নিয়ে এসেছে!’

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।