সোমবার থেকে এফডিসিতে সম্রাট
পূর্বের সাফল্য নিয়ে নির্মাতা মোস্তফা কামাল রাজ শুরু করতে যাচ্ছেন নিজের চতুর্থ চলচ্চিত্র ‘সম্রাট-দ্য কিং ইজ হেয়ার’র কাজ। আগামী সোমবার থেকে এফডিসিতে শুরু হচ্ছে এর দৃশ্যধারণ।
অপরাধ জগতের কাহিনী নিয়ে ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ঢাকাই ফিল্মের কিং শাকিব খান। এছাড়াও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত অপু বিশ্বাস। অন্যান্য চরিত্রে আছেন মিশা সওদাগর, সুব্রত, শিমুল খান, কাবিলা, ডিজে সোহেল প্রমুখ।
নির্মাতা রাজ জানালেন, সোমবার থেকে এফডিসির ৩নং ফ্লোরে টাইটেল গানের দৃশ্যায়নের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হচ্ছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করা শাকিব খান সিঙ্গাপুর থেকে ফিরে সরাসরি শুটিংয়ে অংশ নেবেন। তার সাথে থাকবেন অপু বিশ্বাসও।
সম্রাট-দ্য কিং ইজ হেয়ার ছবির চিত্রগ্রহণে চন্দন রায় চৌধুরী, শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ, সেট নির্মাণে ফরিদ, মেকআপে মনির হোসেন ও সবুজ, অ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড গোমেজ ও নৃত্য পরিচালনায় শিবরাম শর্মা, তানজিল, মাসুম বাবুল দায়িত্ব পালন করবেন।
ছবিটির জন্য গানের কথা লিখেছেন জাহিদ হাসান অভি, ঋদ্ধি ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সুর ও সঙ্গীতায়োজন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কৌশিক হোসেন তাপস, আরেফিন রুমি, ইমরান এবং কলকাতার ডাব্বু ঘোষ ও স্যাভি। ভিন্ন স্বাদ ও আবহের গানগুলোতে কণ্ঠ দিবেন আরেফিন রুমি, কোনাল, সাদাব হাশমী, ইমরান।
সম্রাটের প্রযোজনা ও পরিবেশনায় থাকছে টাইগার মিডিয়া লি.। সহ-প্রযোজক হিসেবে আছে অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালা। মিউজিক পার্টনার টাইগার মিডিয়া।
এলএ/আরআই