এক সিনেমায় তিন খান


প্রকাশিত: ০১:০১ পিএম, ০১ জুন ২০১৫

বলিউডের সোনালী যুগের পর এ পর্যন্ত বলিউড ভক্তদের বাঁচিয়ে রেখেছে তিন খান। নিজেদের অবস্থান থেকে  আমির-শাহরুখ ও সালমান খান ভক্তদের উপহার দিয়েছেন অনেক কালজয়ী ছবি। কিন্তু এই তিন খান একই ছবিতে অভিনয় করলে ব্যাপারটা কেমন হবে ভাবুন তো? হ্যা, এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পর্দায় দেখা যাবে বলিউডের এই ত্রয়ীকে।

বলিউডের এক ঘনিষ্ঠসূত্রে জানা যায়, পরিচালক সাজিদ নাদিওয়ালার পরিচালনা ও প্রযোজনায় নির্মিত একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন- আমির খান, শাহরুখ খান ও সালমান খান। যদিও এখনো ছবির নামধাম কিছুই ঠিক করা হয়নি।

নাদিওয়ালার ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে ভারতের একটি পত্রিকা জানায়, ছবির চিত্রনাট্য অনেকটা মনমোহন দেশাইয়ের ছবি ‘অমর আকবর অ্যান্থনি’র ধাঁচের। প্রযোজকের মূল লক্ষ্যই হলো ছবিতে যেন তিন তারকাই সমান গুরুত্ব পান। কেউ যদি সামান্যও কম গুরুত্ব পান, তাহলে তাঁদের কারোর ভক্তরাই প্রযোজককে ছেড়ে কথা বলবে না, সেটাও জানেন প্রযোজক।

তাই তিনি যথেষ্ট সময় নিয়ে ২০১৭ সালে এই ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন বলে জানা যায়।

উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৭ ডিসেম্বরে মুক্তি দেয়ার কথা রয়েছে ছবিটির।

আরএএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।