শিল্পকলায় শিল্প সমালোচনা বিষয়ক কর্মশালা সমাপ্ত
সংস্কৃতি প্রতিবেদক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে ‘শিল্প সমালোচনা’ বিষয়ক কর্মশালা বুধবার শিল্পকলা একাডেমিতে শেষ হয়েছে। দেশের শিল্প-সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে গণমাধ্যমের দৃষ্টিকে শাণিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত ২৬ মে থেকে আজ ১৭ জুন পর্যন্ত এ কর্মশালার আয়োজন করে।
জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সংস্কৃতি বিষয়ক প্রতিবেদক এবং সংস্কৃতি কর্মীরা এতে অংশ নেন। কর্মশালায় ৮২ জন প্রতিবেদক ও সংস্কৃতি কর্মী অংশ নেন। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতির বিকাশ ও প্রসারে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি প্রতিবেদক ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে ‘শিল্প সমালোচনা’ বিষয়ক কর্মশালার উদ্যোগ সংস্কৃতির সাথে যুক্ত মানুষদের আরো সমৃদ্ধ করবে।
তিনি বলেন, এ কর্মশালার মধ্যে দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে গঠনমূলক সমালোচনার মনোভাব তৈরি হবে। যা দেশের ভবিষ্যত সংস্কৃতির ঐতিহ্য রক্ষা ও ভবিষ্যত সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পসমালোচক মঈনউদ্দীন খালেদ এবং শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত ২৩ দিনব্যাপী এ কর্মশালায় চারুকলা, ফটোগ্রাফি, নাটক, চলচ্চিত্র, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, লোক সংস্কৃতি, বাংলা ভাষা ও বানান রীতি, নন্দনতত্ত্ব, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। স্ব-স্ব শিল্পে বরেণ্য ব্যক্তিবর্গ এ কর্মশালায় প্রশিক্ষণ দেন।
এ কর্মশালার প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন, ড. নিরঞ্জন অধিকারী, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্প সমালোচক মঈন উদ্দীন খালেদ, ড. বিশ্বজিৎ ঘোষ, আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান প্রমুখ।
এসএইচএস/আরআই/এলএ