প্যারিসে চেতনায় লাল-সবুজ
বাংলাদেশের সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি, মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠ সৈনিক ও সশস্ত্র মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের ঐতিহাসিক কিছু গানের চিত্রায়নের মধ্য দিয়ে প্যারিসে নির্মিত হচ্ছে জীবনধর্মী বিশেষ সঙ্গীতালেখ্য ‘চেতনায় লাল-সবুজ’। ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের (সিইএফবি) প্রযোজনায় এবং বাংলাদেশ বিজনেস কনসালটিং-এর (বিবিসি) পৃষ্ঠপোষকতায় এ সঙ্গীতালেখ্যটির মূল আকর্ষণ যথারীতি কিছু কথা কিছু গান। দেশাত্মবোধক ও জনপ্রিয় ফোক গানের নান্দনিক সমন্বয়ের শুরুতেই রাখা হয়েছে “দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়”।
বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী ফকির আলমগীরের সঙ্গে লাল-সবুজের চেতনায় প্রাণবন্ত আলাপচারিতায় অংশ নিয়েছেন সিইএফবির প্রেসিডেন্ট এবং বিবিসির ডিরেক্টর জেনারেল কাজী এনায়েত উল্লাহ, যিনি একাধারে ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা’র মহাসচিব। মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণে আজকের চলমান অর্থনৈতিক মুক্তির সংগ্রামে জয়ী হবার সংকল্পই ধ্বনিত হয়েছে দুই স্বনামধন্য বাংলাদেশির সংলাপে।
ফরাসি পেশাদার চিত্রগ্রাহকদের চিত্রােনে ব্যতিক্রমধর্মী সঙ্গীতালেখ্য ‘চেতনায় লাল-সবুজ’-এর শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ফ্রান্সের রাজধানীর জনপ্রিয় কিছু স্পটে। সঙ্গীতালেখ্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইতালি প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক মাঈনুল ইসলাম নাসিম।
ভিডিও সম্পাদনায় আছেন ঢাকার জিটিভি’র সাবেক মোশান গ্রাফিক ডিজাইনার, ফ্রান্স প্রবাসী ওবায়দুল্লাহ ওবায়দুল। জীবনমুখি এ অনুষ্ঠানটি দেশ-বিদেশের দর্শকরা আসছে ঈদেই উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।
বিএ