পতাকা অবমাননায় বাপ বেটার বিরুদ্ধে মামলা!
নিজ দেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে অমিতাভ বচ্চন এবং ও তার পুত্র অভিষেক বচ্চনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাজিয়াবাদ আদালতে চেতন ধিমান নামে এক ব্যক্তি বিগ বি এবং জুনিয়র বচ্চনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বাপ-বেটা দুজন যেভাবে জাতীয় পতাকাকে গায়ে জড়িয়ে ছিলেন, তাতে জাতীয় পতাকার অসম্মান হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল অ্যাডিলেডে বিশ্বকাপ ক্রিকেটের ভারত-পাকিস্তানের ম্যাচের সময়।
ধিমানের আইনজীবীর দাবি, তার মক্কেল এবং তার পাঁচ বন্ধু দেখেছিলেন অশালীনভাবে বিগ বি এবং তার ছেলে জাতীয় পতাকাটি গায়ে জড়িয়ে রেখে ছিলেন।
অভিনেতাদের বিরুদ্ধে ১৯৭১ সালের প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল হনার অ্যাক্ট এবং ২০০২ সালের ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া ধারায় মামলা রুজু করা হয়েছে। দুজনকেই আদালতের সামনে হাজির হয়ে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।
এর আগে ম্যাগি নুডুলসের প্রচারণায় অংশ নেয়ায় মামলার শিকার হতে হয়েছে অমিতাভ বচ্চনকে। এবার নতুন এই মামলায় মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত বটে বলিউড শাহেনশাহ।
এলএ/আরআইপি