গ্রামীনফোনে শুভ্রদেবের গান
‘এ মন আমার পাথর তো নয়’ গানটি দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন এদেশীয় বাংলা গানের শ্রোতাদের অন্তরে। তারপর অনেক মিষ্টি-মধুর গান উপহার দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব।
সেই ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রকাশ করেছেন ২৬ টি একক অ্যালবাম। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে নিজের গান তুলে দিতে এই ২৬ টি অ্যালবাম থেকে কিছু জনপ্রিয় গান নিয়ে এবার প্রকাশ করতে যাচ্ছেন ‘গোল্ডেন কালেকশন’ শিরোনামের অ্যালবাম।
শুভ্রদেব জানালেন, রোজার মাঝামাঝিতেই গোল্ডেন কালেকশনের গানগুলো গ্রামীনফোনের গ্রাহকরা শুনতে পাবেন। তবে জুন মাসে অ্যালবাম প্রকাশের কথঅ থাকলেও খানিকটা দেরি হবে বলেই জানালেন এটিএন মিউজিকের এই কর্মকর্তা।
শুভ্রদেব এ বিষয়ে বলেন, ‘চেষ্টা করছি আগামী কোরবানি ঈদে এই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার। আশা করছি তা পারবো। আর পুরোনো দিনের এই গানগুলো আমার সময়ের শ্রোতাদের তো বটেই, নতুন শ্রোতাদেরও ভালো লাগবে বলেই বিশ্বাস।’
এই সঙ্গীত তারকা আরো জানালেন, এ অ্যালবামের জন্য গান বাছাই করতে গিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তিনি। কারণ, অনেক জনপ্রিয় গান থেকে দুই ডজন গান বাছাই করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। তবে নিজের, শ্রোতাদের ও কাছের মানুষদের পছন্দের ওপর নির্ভর করেই গানগুলো বাছাই করেছেন।
উল্লেখ্য, শুভ্রদেব বিগত কয়েক বছর ধরে এটিএন মিউজিকের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলএ