ঈদের নাটকে পপি


প্রকাশিত: ০৮:১২ এএম, ১৮ জুন ২০১৫

আজকাল আর চলচ্চিত্রে তেমন কাজ করছেন না তিন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তবে সম্প্রতি তার ব্যস্ততা বেড়েছে ছোট পর্দায়।

এবার তবিবুর রহমান আরিফের পরিচালনায় ‘ভালবাসায় দুজনায়’ নামের নতুন একটি নাটকে অভিনয় করলেন তিনি। ১৬ জুন থেকে হাতিরঝিলে অবস্থিত প্রিয়াংকা শুটিং হাউজে শুরু হয়েছে নাটকটির চিত্রায়নের কাজ। পপি জানালেন, আগামী রোজা ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে নাটকটি।

একসময়ের চলচ্চিত্রের হার্টথ্রুব এ নায়িকা আরো জানালেন, নাটকটির গল্পে পপিকে দেখা যাবে দুই বোনের বড় বোনের চরিত্রে। যার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় একজন ব্যবসায়ীর। পপির এই প্রেমিককে আবার তার ছোট বোনও পছন্দ করে। ছোট বোনের পছন্দের কথা জানতে পেরে পপি নিজের ভালবাসার মানুষটিকে বলি দেয়।

রাজি হয় অন্য একটি বিদেশে থাকা ছেলেকে বিয়ে করতে। এমনকি বিয়ের সব প্রস্তুতিও ঠিক হয়। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনার কারণে সেটা এলোমেলো হয়ে যায়। এবং শেষ পর্যন্ত পপির ভালবাসার মানুষটির সঙ্গে পপির মিলন হয়।

নাটকটি নিয়ে পপি বলেন, ‘ভাল গল্পের প্রতি অনেক দুর্বলতা আমার। তাই ভাল গল্প পেলে অভিনয় করি। সেটা চলচ্চিত্র হোক আর নাটকই হোক। সেরকমই একটি কারণে এই নাটকটিতে কাজ করছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’

নাটকটিতে পপি ছাড়া আরো অভিনয় করছেন মিমো, হাসান জাহাঙ্গীরসহ আরো অনেকে।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।