সাব্বির নাসির ও শম্পা বিশ্বাসের কণ্ঠে আসছে নতুন গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১১ ডিসেম্বর ২০২১

বাংলাদেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসির এবং কলকাতার ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা শম্পা বিশ্বাসকে গত এপ্রিলে এক সুতোয় বাঁধেন প্লাবন কোরেশী। দুই বাংলার এই দুই শিল্পীকে নিয়ে তিনি তৈরি করেছেন ‘বিনোদিনী রাই’।

এবার নতুন আরও দুটি গান নিয়ে শ্রোতাদের জন্য হাজির হতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পী। নতুন দুটি গানের আপাতত শিরোনাম রাখা হয়েছে ‘হারমনি বাজাও’ এবং অন্যটি ‘ধন্য ধন্য’।

গান দু’টির কথা ও সুর করছেন প্লাবন কোরেশী। নতুন গানের বিষয়ে প্লাবন কোরেশী বলেন, ‘‘বিনোদিনী রাই’ যখন সফল হলো তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা তিনজন মিলে আরও কিছু ভালো গান শ্রোতাদের উপহার দেবার চেষ্টা করতে পারি। শ্রোতারাই আমাদের প্রেরণার উৎস।

আমি নতুন গানে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতারাই সবশেষ রায়টা দেবেন।’

কলকাতার শম্পা বিশ্বাস নতুন গানের বিষয়ে বলেন, ‘যে ধরনের গান আমি করতে অভ্যস্ত সেই ধারার গানের শিল্পী, সুরকার ও গীতিকারের সাথে কাজ করতে আমার বেশ ভালোলাগে। আর সেই কাজ করার জায়গাটা এবং সফল হবার বিষয়টির সাথে প্লাবন দা এবং সাব্বির ভাই অবশ্যই জড়িত। কারণ তাদের হাত ধরেই আমার বাংলাদেশে কাজ করা। আশা করি, নতুন দুটি গান সকলের ভালো লাগবে।’

নতুন গান প্রসঙ্গে জনপ্রিয় গায়ক সাব্বির নাসির বলেন, ‘ফোক ঘরনার গান এগুলো। তবে প্রেমও থাকবে। আগের গানেও প্লাবন দা অনেক সুন্দর সুন্দর উপমা ব্যবহার করেছেন। এবারের নতুন গানেও সেই চমক থাকছে।

এবারের গানে মহাকালীন বাস্তবতা নিয়ে আসা হয়েছে। আমার বিশ্বাস, গান দুটি প্রকাশের পর শ্রোতা-দর্শকরা আগের গানের মতই পছন্দ করবেন।’

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।