চলচ্চিত্র বিকাশের তিন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

বাংলাদেশের চলচ্চিত্রের পুনরুজ্জীবন ঘটাতে তিনটি চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

চ্যালেঞ্জগুলো হল- আধুনিক ডিজিটাল প্রেক্ষাগৃহ নির্মাণ, পাইরেসি রোধ ও মানসম্মত সিনেমা নির্মাণ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ।

সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র টিকে থাকার শিল্প। প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গেলে যাপিত জীবন থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য দর্শকেরা চলে যান মন ও মননের এক ভিন্ন জগতে। যতই টেলিভিশনে বা মোবাইলে দেখা হোক না কেন, বড় পর্দায় হলে বসে সিনেমা দেখার আবেদন অটুট থাকবে।

এসময় তিনি চলচ্চিত্র শিল্পে বিনিয়োগ ও ভাল চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। এছাড়াও মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিকমানের দুটি সম্পূর্ণ চলচ্চিত্র নির্মাণ করার কথা বলেন।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

এর আগে দিবসটি উপলক্ষে বিএফডিসি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে তথ্যমন্ত্রীসহ অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সেমিনারে আরো বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, মসিউদ্দীন সাকের, ম. হামিদসহ চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

এআর/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।