সরকারি হাসপাতালে চিকিৎসকদের দুইবার হামের রোগী দেখা বাধ্যতামূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৯ মে ২০২৬
হামে আক্রান্ত শিশুকে পরীক্ষা করছেন চিকিৎসক, এআই-প্রতীকী ছবি

দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হাসপাতালগুলোকে অবিলম্বে এ নিয়ম প্রতিপালন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। একই সঙ্গে এসব রোগীকে কোনোভাবেই ফিরিয়ে দেওয়া যাবে না বরং ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নতুন নির্দেশনার অন্যতম প্রধান শর্ত হলো, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। একই সঙ্গে সরকারি ছুটির দিনসহ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের সকাল ও বিকেল— দুই বেলা বাধ্যতামূলকভাবে রোগীদের রাউন্ড (পরিদর্শন) দিতে হবে।

সংক্রমণ রোধে প্রতিটি ভর্তি হওয়া রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবেন। পাশাপাশি, প্রতিদিনের ভর্তি রোগীদের তথ্য এমআইএস সার্ভারে (http://surveillance.dghs.gov.bd) আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এসইউজে/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।