সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৮ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

শুধু ট্রাম্পই যুদ্ধ থামাতে পারেন: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার নেতাদের মুখোমুখি বৈঠকে বসতে হবে, যাতে শান্তি আলোচনায় বাকি থাকা সবচেয়ে কঠিন বিষয়গুলোর সমাধান করা যায়। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধে অবসান ঘটাতে পারেন।

বাংলাদেশের নির্বাচনই বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ: এএফপি

বাংলাদেশে হতে যাওয়া আগামী সপ্তাহের জাতীয় সংসদ নির্বাচন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, একই সঙ্গে চীন এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও সুসংহত করতে চাইছে ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে।

এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললো দালাই লামার অফিস

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে নাম জড়িয়েছে তিব্বতের বৌদ্ধধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামার। বিষয়টি নিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) দালাই লামার অফিস জানায়, শান্তিতে নোবেল পাওয়া দালাই লামা কখনোই এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেননি।

জনপ্রিয় হয়ে উঠছে মার্কিন পণ্য বর্জনের অ্যাপ

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পর ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের জন্য তৈরি মোবাইল অ্যাপের ব্যবহার হঠাৎ বেড়ে গেছে।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দল

জাপানের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল। বিভিন্ন গণমাধ্যমের জরিপে এ তথ্য উঠে এসেছে। এসব জরিপ বলছে, রোববারের (৮ ফেব্রুয়ারি) এই আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের জয় পেতে যাচ্ছে। খবর এএফপির।

এপস্টেইনের সঙ্গে অনিল আম্বানির ক্ষুদেবার্তা ফাঁস

প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। এবার সেই তালিকায় নাম এলো ভারতের অন্যতম ধনী পরিবারের সদস্য অনিল আম্বানির নাম। ভারতীয় এই ধনকুবেরকে ‘লম্বা সুইডিশ স্বর্ণকেশী’ দেওয়ার প্রস্তাব করেছিলেন এপস্টেইন। এ বিষয়ে আম্বানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ফাটল, চাপে নেতানিয়াহু

ইসরায়েলের সাবেক মন্ত্রী ও সামরিক কমান্ডারদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য আসার পর তেল আবিবে গভীর রাজনৈতিক ও নিরাপত্তাগত বিভাজন প্রকাশ পেয়েছে। এই মতবিরোধ গাজা যুদ্ধ পরিচালনার ধরন থেকে শুরু করে ২০২৩ সালের ৭ অক্টোবরের ব্যর্থতার দায় এড়ানোর প্রচেষ্টাকেও অন্তর্ভুক্ত করেছে।

ইসলামাবাদে আত্মঘাতী হামলাকারীকে ঠেকাতে গিয়ে প্রাণ গেলো হবু বরের

ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজাতুল কুবরা ইমামবারগায় শুক্রবারের আত্মঘাতী হামলায় এক তরুণ প্রাণ হারিয়েছেন, যিনি মাত্র কয়েক সপ্তাহ পরই নতুন জীবনে পা দিতে যাচ্ছিলেন।

‘যুক্তরাষ্ট্রের সামরিক চাপকে ভয় পায় না ইরান’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক চাপকে ইরান ভয় পায় না। তিনি বলেন, আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনোই ত্যাগ করবে না।

নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩

নাইজেরিয়ায় গত কয়েকদিনে হামলা চালিয়ে একজন ইমাম এবং পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ করা হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের চারটি ভিন্ন গ্রামে গত তিনদিনে কমপক্ষে ৫১ জনকে অপহরণ করা হয়েছে এবং তিনজন নিহত হয়েছেন। খবর এএফপির।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।