লেবাননে আল-ইসলামিয়ার নেতাকে ইসরায়েলি বাহিনীর অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ইসরায়েলি বাহিনীর ট্যাংক/ছবি: ইপিএ

লেবাননের রাজনৈতিক দল আল-জামাআ আল-ইসলামিয়ার এক নেতাকে নিজ বাড়ি থেকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি) আল-জামাআ আল-ইসলামিয়া এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার তথ্য মতে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের হাসবাইয়া জেলার একটি বাড়ি থেকে আতউই আতউইকে ধরে নিয়ে গেছে। দলটির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ইসরায়েলি বাহিনীর এই অনুপ্রবেশ একটি গুরুতর আগ্রাসন। আল-জামাআ আল-ইসলামিয়া ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পাশাপাশি একাধিক হামলার দায় স্বীকার করেছে।

২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল নিয়মিতভাবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সরে যাওয়ার কথা থাকলেও দেশটি এখনো কৌশলগত গুরুত্বের কথা বলে পাঁচটি এলাকা দখলে রেখেছে।

এছাড়া চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহর সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তরে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে যোদ্ধা প্রত্যাহার এবং সেখানে থাকা সামরিক অবকাঠামো অপসারণের কথা ছিল।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একটি লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে একজন জ্যেষ্ঠ সন্ত্রাসীকে আটক করেছে।

সেনাবাহিনীর দাবি, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে। একই সঙ্গে আল-জামাআ আল-ইসলামিয়ার বিরুদ্ধে উত্তর ইসরায়েলে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, সোমবার ( ৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ইসরায়েলি সেনারা ওই এলাকায় প্রবেশ করে আতউই আতউইকে অপহরণ করে। আতউই আতউই হিব্বারিয়েহ গ্রামের সাবেক মেয়র ছিলেন।

লেবানন সরকার এর আগেও অভিযোগ করেছে, সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল একাধিক লেবানিজ নাগরিককে অপহরণ করেছে। গত মাসে হিজবুল্লাহর সংসদ সদস্য হুসেইন হাজ্জ হাসান দাবি করেছেন, ইসরায়েল বর্তমানে ২০ জন লেবানিজ বন্দিকে আটক করে রেখেছে, যাদের মধ্যে অন্তত ১০ জনকে যুদ্ধবিরতির পর লেবাননের ভেতর থেকে অপহরণ করা হয়েছে।

এদিকে, সোমবার ( ৯ ফেব্রুয়ারি) আলাদাভাবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে বলে লেবানিজ গণমাধ্যম জানিয়েছে। এনএনএ-এর তথ্য মতে, টাইর জেলার ইয়ানুহ শহরের কেন্দ্রস্থলে একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সূত্র: আল-জাজিরা

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।