সরকারের সমান্তরালে সরকার: ছায়া মন্ত্রিসভা কী, কেন দরকার
সংসদীয় গণতন্ত্রে কেবল সরকারই শেষ কথা নয়; বরং সরকারের কাজের গঠনমূলক সমালোচনা এবং বিকল্প পথ দেখানোর জন্য একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি অপরিহার্য। এই অপরিহার্যতারই একটি প্রাতিষ্ঠানিক রূপ হলো ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet)। উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে একে অনেক সময় ‘অপেক্ষমাণ সরকার’ (Government-in-waiting) বলেও অভিহিত করা হয়।
ছায়া মন্ত্রিসভা কী?
ছায়া মন্ত্রিসভা হলো প্রধান বিরোধী দলের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত এমন একটি দল, যা সরাসরি সরকারের মন্ত্রিসভার আদলে তৈরি করা হয়। সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন সদস্যকে নির্দিষ্ট করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে বিরোধী দলের পক্ষ থেকে একজন ‘ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী’ নিয়োগ দেওয়া হয়।
কারা দায়িত্ব পালন করেন?
সাধারণত সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এই মন্ত্রিসভা গঠন করেন। এতে অন্তর্ভুক্ত থাকেন:
- বিরোধী দলীয় জ্যেষ্ঠ সংসদ সদস্যরা, যারা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ।
- বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ: সংসদ সদস্যদের মধ্যে যাদের নির্দিষ্ট কোনো খাতে (যেমন: অর্থনীতি বা প্রতিরক্ষা) বিশেষ জ্ঞান রয়েছে।
আরও পড়ুন>>
নির্বাচনের আগে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল যে সব বিশ্বনেতার
নির্বাচনি প্রচারণায় বাসের ব্যবহার কীভাবে শুরু হলো?
দুনিয়াজুড়ে ইতিহাস গড়া নির্বাচনি প্রচারণা
ছায়া মন্ত্রিসভার কাজ কী?
একটি কার্যকর ছায়া মন্ত্রিসভা মূলত চারটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করে:
- জবাবদিহিতা নিশ্চিত করা: সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী যখন পার্লামেন্টে কোনো বিল উত্থাপন করেন বা বাজেট পেশ করেন, তখন ছায়া মন্ত্রী সেই বিষয়ের ভুলত্রুটি বা দুর্বল দিকগুলো জনসমক্ষে তুলে ধরেন।
- বিকল্প নীতি প্রণয়ন: সরকার কোনো বিষয়ে ব্যর্থ হলে বা কোনো নীতি বিতর্কিত হলে, ছায়া মন্ত্রিসভা জানায় যে, তারা ক্ষমতায় থাকলে এই সমস্যা সমাধানে কী পদক্ষেপ নিতো।
- প্রস্তুতি গ্রহণ: হঠাৎ করে সরকারের পতন ঘটলে বা নির্বাচন অনুষ্ঠিত হলে যাতে বিরোধী দল কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে, তার আগাম প্রশিক্ষণ হলো এই ছায়া মন্ত্রিসভা।
- জনগণকে সচেতন করা: সরকারি নীতির ভালো-মন্দ বিশ্লেষণ করে সাধারণ মানুষকে প্রকৃত অবস্থা জানানো।
বিশ্বজুড়ে ছায়া মন্ত্রিসভার চর্চা
বিশ্বের অনেক দেশেই ছায়া মন্ত্রিসভা একটি আইনি বা ঐতিহ্যগত কাঠামোর ওপর দাঁড়িয়ে রয়েছে।
যুক্তরাজ্য: এটিই ছায়া মন্ত্রিসভার জন্মভূমি। বর্তমানে সেখানে কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল হিসেবে ছায়া মন্ত্রিসভা পরিচালনা করছেন।
কানাডা: এখানে একে ‘অফিসিয়াল অপজিশন ক্রিটিক’ বলা হয়। তারা সরাসরি সরকারের ব্যয়ের ওপর নজরদারি করে।
অস্ট্রেলিয়া: এখানে বিরোধী দল অত্যন্ত সক্রিয়ভাবে ছায়া মন্ত্রিসভা পরিচালনা করে এবং বিকল্প বাজেট পেশ করে।
নিউজিল্যান্ড: সংসদীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে এটি স্বীকৃত।
এর বাইরেও আয়ারল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জ্যামাইকা, বাহামাসের মতো দেশগুলোতে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রচলন রয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপট ও সম্ভাবনা
বাংলাদেশে বর্তমানে ছায়া মন্ত্রিসভার কোনো আনুষ্ঠানিক বা সাংবিধানিক কাঠামো নেই। ঐতিহাসিকভাবে এখানে এর খুব একটা চর্চাও হয়নি। তবে সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সবল গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা যেমন জরুরি, তেমনি সেই বিরোধী দলের সুসংগঠিত হওয়াও প্রয়োজন। ছায়া মন্ত্রিসভা সেই সংগঠনেরই প্রতিফলন, যা সরকারকে স্বৈরাচারী হতে বাধা দেয় এবং জনগণের সামনে একটি বিকল্প আস্থার জায়গা তৈরি করে।
সেক্ষেত্রে ১১ দলীয় জোট যদি সত্যিই ছয়া মন্ত্রিসভা গঠন করে, তবে সেটি দেশের গণতান্ত্রিক জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: উইকিপিডিয়া
কেএএ/