হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্থগিত করলো কিছু কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানি নিরাপত্তা বাহিনী/ ফাইল ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে চলমান হামলার প্রেক্ষাপটে বিশ্বের কয়েকটি শীর্ষ তেল কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন সাময়িকভাবে বন্ধ করেছে।

একটি বড় বাণিজ্য প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী রয়টার্সকে বলেন, আমাদের জাহাজগুলো কয়েক দিন আপাতত যাত্রা করবে না।

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন হয়। আরব উপদ্বীপ ও ইরানের মাঝ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ নৌপথে পরিবহন স্থগিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইরান আমিরাত, কাতার ও বাহরাইনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালাচ্ছে। এর মধ্যে আবুধাবি, মানামা ও দোহায় নতুন বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদকরা মানামায় কমপক্ষে দুইটি বিস্ফোরণ শুনেছেন। কাতারে সাংবাদিকরা নতুন বিস্ফোরণের ঢেউয়ের তথ্য জানিয়েছেন। আবুধাবির বাসিন্দারাও বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন।

এই হামলার ধারা চলতে থাকায় স্থানীয় জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু এলাকায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মূলত মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।