কূটনীতিককে বহিষ্কার
রাশিয়ার বিরুদ্ধে ‘আগ্রাসী ও হয়রানিমূলক’ প্রচারণার অভিযোগ যুক্তরাজ্যের
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ‘আগ্রাসী ও সমন্বিত হয়রানিমূলক প্রচারণা’ চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্যের কূটনীতিকদের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ ও সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ’ ছড়াচ্ছে রাশিয়া যা ‘সম্পূর্ণ অর্থহীন’।
তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্য তাদের দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের ওপর কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন মেনে নেবে না।’
এদিকে,সোমবার (৩০ মার্চ) রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ঘোষণা করেছে যে তারা মস্কোতে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি জেন্স গ্রাদিউস কে বহিষ্কার করেছে।
এফএসবির অভিযোগ, ওই কূটনীতিক দেশে প্রবেশের সময় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করেছেন এবং গোয়েন্দা ও নাশকতামূলক কার্যক্রমে জড়িত ছিলেন যা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। তাকে দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য।
সূত্র:আনাদোলু এজেন্সি
কেএম