পশ্চিমবঙ্গ

সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে বিজেপি সরকার

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১১ মে ২০২৬
সীমান্তে বিএসএফ সদস্যদের টহল/ ফাইল ছবি: এএফপি

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) হাতে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার (১১ মে) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামানিক ও ক্ষুদিরাম টুডু।

এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, এটি আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন। তাই প্রথমদিনই আমরা বিএসএফের সীমান্ত সুরক্ষার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া অনুমোদন দিলাম।

তিনি বলেন, আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।

শুভেন্দু আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকার গড়ার সঙ্গে সঙ্গেই আমরা আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবো। আজ থেকে আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলাম।

মমতা ব্যানার্জীর সরকারের সময় যেসব সামাজিক প্রকল্প ছিল, সেগুলো বাতিল হচ্ছে না বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। তবে অ-ভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।