মধ্যপ্রাচ্য সংকট

করোনা সময়ের বিধিনিষেধ-অভ্যাস ফের চালু করা প্রয়োজন: মোদী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১১ মে ২০২৬
ছবি: তাস

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় করোনাভাইরাস মহামারির সময়কার কিছু বিধিনিষেধ ও অভ্যাস আবার চালু করা প্রয়োজন বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হায়দরাবাদে এক বক্তব্যে মোদি বলেন, করোনাভাইরাস মহামারির সময় আমরা বাসা থেকে কাজ করেছি, ভার্চুয়াল বৈঠক ও ভিডিও কনফারেন্স করেছি। আমরা এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সময়ের দাবি হলো আবার সেই পদ্ধতিগুলোতে ফিরে যাওয়া।

এই বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি ভারতীয় নাগরিকদের ভোগ ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানান।

মোদি বলেন, মধ্যবিত্তদের মধ্যে বিদেশে বিয়ে, বিদেশ সফর এবং বিদেশে ছুটি কাটানোর সংস্কৃতি বাড়ছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই সংকটের সময় অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত রাখা উচিত। তিনি আরও বলেন, এক বছরের জন্য ছুটির সময় স্বর্ণ কেনা থেকেও বিরত থাকা উচিত।

ভারতের প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের গুরুত্বও তুলে ধরে বলেন, এখন পেট্রোল, ডিজেল ও গ্যাস অত্যন্ত সংযমের সঙ্গে ব্যবহার করতে হবে। আমরা এসব জ্বালানি বিদেশ থেকে আমদানি করি, তাই কেবল প্রয়োজনীয় পরিমাণ ব্যবহারের চেষ্টা করতে হবে। এ প্রসঙ্গে তিনি নাগরিকদের গণপরিবহণ ও রেল ব্যবহারে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মোদি বলেন, যেখানে মেট্রো আছে সেখানে মেট্রো ব্যবহার করুন, একই পথে কারপুলিং চালু করুন এবং পণ্য পরিবহনে রেল ব্যবহার করুন। এতে পেট্রোল ও ডিজেলের ওপর নির্ভরতা কমবে, ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের মতো বৈশ্বিক সংকটের সময় আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে, যেখানে দেশের স্বার্থকে মূল প্রাধান্য দিতে হবে।

সূত্র: বিবিসি/তাস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।