ইউক্রেনকে ইউরোপের সহায়তা: ৯১০ কোটি ইউরোর অধিকাংশ অর্থে কেনা হবে ড্রোন
আগামী জুন মাসে কিয়েভকে ৯ দশমিক ১ বিলিয়ন (৯১০ কোটি) ইউরো অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় কমিশন। এই অর্থ সহায়তা ইউক্রেনকে ঋণ দিতে চাওয়া মোট ৯০ বিলিয়ন ইউরোর অর্থায়ন কর্মসূচির অংশ। প্রাথমিক সামরিক ঋণের বড় অংশ দিয়ে ইউক্রেন ড্রোন কিনবে বলে জানা গেছে।
ব্রাসেলসে এক ব্রিফিংয়ে কমিশনের প্রতিনিধি বালাযাস ইউজভারি বলেন, এই অর্থের মধ্যে ৫ দশমিক ৯ বিলিয়ন ইউরো সামরিক খাতে এবং ৩ দশমিক ২ বিলিয়ন ইউরো ম্যাক্রো-ফাইন্যান্সিয়াল সহায়তা হিসেবে দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রথম সামরিক কিস্তির অর্থ ইউক্রেনের জন্য ড্রোন কেনার কাজে ব্যবহৃত হবে। ইউরোপীয় কমিশন ইতোমধ্যে পরবর্তী ধাপের অর্থায়ন ও সরবরাহ পরিকল্পনা নিয়েও কাজ শুরু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা অব্যাহত রাখার কৌশল আরও জোরদার করছে ইউরোপীয় ইউনিয়ন।
এর আগে ২২ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহুবর্ষীয় আর্থিক কাঠামোতে সংশোধনী বিল অনুমোদন করা হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কোরপার II ফরম্যাটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সংশোধনীগুলো মূলত ইউক্রেনকে দেওয়ার জন্য পরিকল্পিত ৯০ বিলিয়ন ইউরো ঋণ চূড়ান্ত করার প্রয়োজনীয় আইনি নথির অংশ। একই সঙ্গে ওই বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজও অনুমোদন দেওয়া হয়।
সূত্র: ইউক্রেনিফর্ম/তাস